সোমালীয় জলদস্যুদের কবলে এবার মার্কিন জাহাজ
এবার সোমালীয় জলদস্যুদের কবলে পড়েছে মার্কিন জাহাজ। গতকাল শুক্রবার সোমালীয় জলদস্যুরা ওমান উপকূল থেকে এসভি কোয়েস্ট নামে ব্যক্তি মালিকানাধীন একটি মার্কিন জাহাজ ছিনতাই করেছে। আন্তর্জাতিক সমুদ্র পর্যবেক্ষক সংস্থা ইকোতিরা বিবিসিকে এ খবর জানিয়েছে। জাহাজটিতে চারজন মার্কিন নাগরিক রয়েছেন। জ্যা এবং স্কট অ্যাডাম দম্পতি জাহাজটির মালিক। গতকাল শুক্রবার দুপুরের দিকে ওমানের উপকূল এলাকা থেকে ২৪০ নটিক্যাল মাইল দূরে সাগরে জাহাজটি ছিনতাইয়ের শিকার হয়। ইকোতিরা ও ন্যাটোর জলদস্যুতা বিরোধী সংস্থা ‘ওশান শিল্ড’ এ কথা জানিয়েছে। তবে এখনো এ বিষয়ে ন্যাটোর কোনো মন্তব্য পাওয়া যায়নি। জ্যা এবং স্কট অ্যাডামের ওয়েবসাইট থেকে জানা গেছে, ২০০২ সাল থেকে এই দম্পতি তাঁদের ব্যক্তিগত জাহাজটিতে চড়ে বিশ্ব ভ্রমণ করছেন। গত বছর তাঁরা তাঁদের জাহাজে দুজন নতুন নাবিক নিয়েছেন। এ বছর তাদের শ্রীলঙ্কা থেকে সুয়েজ খাল হয়ে ভূ-মধ্য সাগরে গ্রিসের দ্বীপে যাওয়ার কথা ছিল। মাঝে ভারত, ওমান ও জিবুতিতে যাত্রা বিরতি করার কথা ছিল। সোমালিয়ার জাতিসংঘ মিশনও মার্কিন জাহাজ এসভি কোয়েস্টের ছিনতাইয়ের খবর নিশ্চিত করেছে। সেখানকার জাতিসংঘ মিশনের ফার্স্ব সেক্রেটারি ওমর জামাল এ চার মার্কিন নাগরিকসহ সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মিদের দ্রুত ছেড়ে দিতে বলেছেন।