সোমালীয় জলদস্যুদের কাছ থেকে দক্ষিণ কোরিয়ার জাহাজ উদ্ধার
সোমালীয় জলদস্যুদের কাছ থেকে দক্ষিণ কোরিয়া তাদের ছিনতাই হওয়া জাহাজ উদ্ধার করেছে। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী ঝটিকা অভিযান চালিয়ে জাহাজটি উদ্ধার করেছে বলে সে দেশের প্রেসিডেন্ট লি মিউং বাক আজ শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন।সামহো জুয়েলারি নামের দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী ওই জাহাজের ২১ জন নাবিকের সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট লি। উদ্ধার অভিযানের সময় জাহাজটির ক্যাপ্টেন জলদস্যুদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। এই অভিযানে আট সোমালীয় জলদস্যু নিহত হয়েছে। এ ছাড়াও অপর পাঁচজনকে আটক করা হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।সোমালীয় উপকূলের প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার দূরে আরব সাগরে এ উদ্ধার অভিযান চালানো হয়। ১১ হাজার ৫০০ টন ওজনের রাসায়নিক পদার্থবাহী দক্ষিণ কোরিয়ার জাহাজটি শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল। ১৫ জানুয়ারি এটি আরব সাগরে সোমালীয় জলদস্যুদের ছিনতাইয়ের শিকার হয়। জাহাজটিতে আটজন কোরিয়ান, দুজন ইন্দোনেশিয়ান ও ১১ জন মিয়ানমারের নাবিক ছিলেন। এর আগে গত বছরের নভেম্বরে ৯৫ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দিয়ে সামহো ড্রিম নামে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী অন্য একটি জাহাজ সোমালীয় জলদস্যুদের হাত থেকে ছাড়া পায়। —রয়টার্স।