কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধস পাকিস্তানে ভয়াবহ আকার ধারণ করেছে। এ ভূমিধসে পাকিস্তানের অন্যান্য অংশের সঙ্গে সোয়াত উপত্যকার সঙ্গে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে উদ্ধার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। দেশটিতে গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় কয়েক কোটি লোক আক্রান্ত হয়েছে। বন্যায় অনেক সড়ক ও সেতু ভেসে গেছে। প্রবল বর্ষণের কারণে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার তৎপরতাও বন্ধ রয়েছে। খবর আল-জাজিরা অনলাইনের।স্থানীয় কর্মকর্তারা জানান, গতকাল রোববার বন্যায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নয়জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া গিলগিট-বালতিস্তান প্রদেশে একটি ধসে পড়া বাড়ির নিচ থেকে ২৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী এ বন্যায় পাকিস্তানে এক হাজার ৬০০ জনেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গতকাল রোববার সিন্ধু প্রদেশের বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, বন্যায় কয়েক লাখ লোক দুর্ভোগ পোহাচ্ছে। আগামী কয়েক দিনে সিন্ধু ও সোয়াতে আরও বৃষ্টিপাত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গিলানি ইতিমধ্যেই বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন।এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, বন্যা মোকাবিলায় সরকার সম্ভব সবকিছুই করছে। তবে তিনি স্বীকার করেছেন, প্রকৃত অবস্থার ওপর সত্যিকারের নিয়ন্ত্রণ পাকিস্তান সরকারের নেই। এদিকে সোয়াত উপত্যকার অধিবাসীরা খাদ্যদ্রব্য, জ্বালানি ও ওষুধ সংকটের অভিযোগ করেছেন।সোয়াতের অধিবাসী মালিক আমিরজাদা বলেন, সোয়াতের তেল পাম্পগুলোতে কোনো পেট্রল নেই এবং দোকানগুলোতে পর্যাপ্ত খাবার নেই।উদ্ধারকর্মীরা সিন্ধু প্রদেশের দক্ষিণাঞ্চলে বন্যায় আক্রান্ত কয়েক হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সেখানে পৌঁছেছেন।