চট্টগ্রামে ইয়াবা বড়িসহ বাড়ির মালিককে ফাঁসানোর চেষ্টার ঘটনায় র্যাবের সোর্স মো. এবাদুর রহমানকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল শনিবার শুনানির পর চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসির আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন। গত শুক্রবার সকালে নগরের লাভ লেইন এলাকার একটি বাড়ি থেকে পুলিশ এবাদুরকে গ্রেপ্তার করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এবাদুরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলাম। শুনানির পর আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ (গতকাল শনিবার) সন্ধ্যা থেকে আমরা আসামিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছি।’ পুলিশ সূত্র জানায়, এবাদুরকে জিজ্ঞাসাবাদের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। কমিটির প্রধান হলেন কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ। আজ রোববার নগর গোয়েন্দা পুলিশও আসামিকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে। প্রসঙ্গত, লাভ লেইন এলাকার একটি বিরোধপূর্ণ বাড়ির মালিকানা নিয়ে মামলা চলছে। র্যাব সদস্যরা শুক্রবার সকালে সোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালাতে যান। অভিযানের আগেই সোর্স এবাদুর ইয়াবা বড়ি নিয়ে বাড়ির ভেতর ঢোকেন। তিনি এক পুঁটলি ইয়াবা বড়ি বাড়ির ঘরের মধ্যে ফেলার সময় হাতেনাতে ধরা পড়েন। এ সময় বোরকা পরা আরেক সোর্স আইয়ুব পালিয়ে যান। এদিকে পলাতক সোর্স আইয়ুব গতকাল সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার হননি। তাঁকে গ্রেপ্তারের জন্য নগরের কয়েকটি এলাকায় পুলিশ অভিযান চালিয়েছে। আইয়ুবের সঙ্গে বাড়ির মালিক ছালেহ আহমেদের ছেলেদের প্রতিপক্ষের যোগসাজশ আছে বলে পুলিশ কর্মকর্তারা মনে করছেন। এবাদুরকে জিজ্ঞাসাবাদের পর এ ব্যাপারে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে কোতোয়ালি থানার দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন।