সোহরাওয়ার্দী হাসপাতালে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আজ শনিবার সকালে ভাঙচুর চালিয়েছেন একদল যুবক। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এ ভাঙচুর চালিয়েছেন।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে তিনজন যুবক নিজেদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে হাসপাতালের ক্যানটিনে ঢোকেন। ক্যানটিনের মালিকপক্ষের এ বি এম রিয়াদ প্রথম আলো ডটকমকে বলেন, ওই তিনজন যুবকের মধ্যে একজন খাবার সরবরাহের স্থানে যান। সেখানে তিনি খাবার খুঁজতে থাকেন। তাঁকে যথাস্থানে গিয়ে বসতে অনুরোধ করা হলে তিনি ক্যানটিনের এক কর্মচারীকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁর সঙ্গে বাকি দুজনও যোগ দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার ১০-১৫ মিনিট পর ২০-২৫ জন যুবক লাঠিসোঁটা নিয়ে ক্যানটিনে এসে ব্যাপক ভাঙচুর ও কর্মচারীদের ওপর হামলা চালান। এতে কয়েকজন কর্মচারী আহত হন। ওই যুবকেরা হাসপাতালের নামাজের স্থান, অর্থপেডিক ও ট্রমা সেন্টারের সেবিকাদের বসার কক্ষ, ক্যানটিনে জ্যেষ্ঠ চিকিত্সকের বসার কক্ষের কাচ ভাঙচুর করেন। ঘটনার পর হাসপাতালের পরিচালকের দপ্তরে জরুরি বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। বৈঠকে শেরেবাংলা নগর থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক এ কে এম মুজিবুর রহমান বলেন, ‘ঘটনার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।’ শেরেবাংলা থানার উপপরিদর্শক (এসআই) অনন্ত কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করে প্রথম আলো ডটকমকে বলেন, ভাঙচুরকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। হাসপাতালের সেবাদান কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) এ কে এম মশিউর রহমান।