সোহরাওয়ার্দী উদ্যানে দুর্নীতিবিরোধী লোকনাট্য উৎসব
দুপুরের প্রখর রোদের পর পড়ন্ত বিকেলে ছিল স্বস্তির বাতাস আর কোকিলের ডাকাডাকি। সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে দর্শকের উপস্থিতি ভালো। গতকাল মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে এই মঞ্চে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী লোকনাট্য উৎসব শুরু হয়েছে।অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, যাত্রাশিল্পী জ্যোৎস্না বিশ্বাস ও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।আনুষ্ঠানিকতা শেষে মঞ্চে দেখা গেল সেই চিরপরিচিত জারি গান। কপালে বাংলাদেশের লাল-সবুজ পতাকা, কবজিতে রঙিন কাপড়, পায়ে ঘুঙুর নিয়ে উপস্থিত হলেন শিল্পীরা। মীর মশাররফ হোসেনের বিষাদ-সিন্ধু থেকে পাঠ করা ঘটনা গানের সুরে সুরে অভিনয় করলেন শিল্পীরা। গানের ভেতর দিয়ে শহরের শ্রোতারা যেন ফিরে গিয়েছিল গ্রামের ঐতিহ্যবাহী এই সংগীতের ভেতরের জগতে। জারি গানের পরিবেশনায় ছিল কিশোরগঞ্জের হোসেনপুরের মানবাধিকার নাট্য পরিষদ জারি দল।গানের ঘোর কাটতে না কাটতে মঞ্চে রাধা ও কৃষ্ণের প্রেম-বিরহের কাহিনি নিয়ে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন পরিবেশন করে মণিপুরী থিয়েটার। এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সমীর।সবশেষে ছিল যাত্রাপালা। স্বাধীনতাযুদ্ধের সময়ে মঞ্চস্থ যাত্রা স্বাধীন সুলতান ইলিয়াস শাহ্ পরিবেশন করে দেশ অপেরার সদস্যরা। আজ থাকবে সঙ যাত্রা ও আদিবাসী শিল্পীদের পরিবেশনা।