সোহরাওয়ার্দী উদ্যানে ফিরে এল সাতই মার্চ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ বৃহস্পতিবার বিকেলে গণজাগরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ ছয় দফা দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চের ডাকে এ সমাবেশে ঐতিহাসিক সাতই মার্চের আবহ ফিরে আসে।দুপুরের পরই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আসতে থাকেন সোহরাওয়ার্দী উদ্যানে। বিকেল গড়াতে সেখানে প্রতিবাদী জনতার ঢল নামে। স্লোগানে স্লোগানে সব দাবির কথা জানিয়ে দেন তাঁরা। পবিত্র কোরআনসহ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠের আনুষ্ঠানিকতা শেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে বিকেল চারটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের বেদিতে শুরু হয় গণজাগরণ সমাবেশ।

অপূর্বের কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ

১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তত্কালীন রেসকোর্স ময়দানের জনসমুদ্রে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণই ছিল মূলত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধুর এই ভাষণে অনুপ্রাণিত হয়ে বাংলার দামাল ছেলেরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। নয় মাসের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয়।২০১৩ সালে একই স্থানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আজকের গণজাগরণ সমাবেশে অপূর্ব নামের এক শিশু বঙ্গবন্ধুর অনুকরণে সাতই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ দেয়। এ সময় উপস্থিত জনতা সেই দিনের মতো বারবার আওয়াজ তোলেন। সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয় ১৯৭১ সালের সাতই মার্চের রেসকোর্স ময়দানে। মুক্তিযুদ্ধ না দেখা তরুণ প্রজন্ম ফিরে যায় একাত্তরে। অপূর্বের ভাষণ শেষে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ফুঁসে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান।

প্রতিরোধের ডাক

সোহরাওয়ার্দী উদ্যানের আজকের সমাবেশে আন্দোলনের বিভিন্ন সংগঠক ও ছাত্রনেতারা বক্তৃতা করেন। সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা। একই সঙ্গে জামায়াত-শিবিরের রাজনীতি আইন করে বন্ধ এবং দেশব্যাপী তাদের সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

এরশাদের সমালোচনা

শাহবাগ আন্দোলন নিয়ে নেতিবাচক মন্তব্য করায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের কড়া সমালোচনা করেন ছাত্রনেতা বাপ্পাদিত্য বসু। এরশাদকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনার বয়স হয়েছে, এই বয়সে এসে সংযত হোন।’ বাংলাদেশকে আর কোনো অপশক্তির হাতে ছেড়ে দেওয়া যাবে না বলেও ঘোষণা দেন তিনি।

জনতার সংগ্রাম চলছে, চলবে

আন্দোলনের অন্যতম আয়োজক ও ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার তাঁর বক্তৃতায় সাতই মার্চকে বাংলাদেশের ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণ বলে উল্লেখ করেন। সাতই মার্চের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে চলমান আন্দোলনে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। ইমরান বলেন, ‘অসাম্প্রদায়িকতার চেতনা নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল। অথচ স্বাধীনতার ৪২ বছর পর আজ ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, বগুড়া, সাতক্ষীরাসহ সারা বাংলাদেশ আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে।’ এই সহিংসতার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে তিনি তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। সব যুদ্ধাপরাধীর ফাঁসিসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।ইমরান উল্লেখ করেন, ‘আমাদের আন্দোলন অহিংস।’ কোনো নৈরাজ্য যাতে না হয়, সে জন্য সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান তিনি। তিনি বলেন, ‘আমরা এমন কিছু করব না, যাতে রাষ্ট্র ও জানমালের ক্ষতি হয়।’ ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক বলেন, ‘আমাদের সংগ্রাম মাত্র শুরু হয়েছে। জনতার সংগ্রাম চলছে, চলবে।’

কাল নারী জাগরণী সমাবেশ

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার ৮ মার্চ শাহবাগের প্রজন্ম চত্বরে নারী জাগরণী সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশ নারীরাই পরিচালনা করবেন। তাই দেশের নারী সমাজ ও বিভিন্ন নারী সংগঠনকে কালকের সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান এইচ সরকার। ইমরান জানিয়েছেন, দেশের বিভাগীয় পর্যায়ে গণজাগরণ মঞ্চের সমাবেশের নতুন কর্মসূচি আগামীকাল ঘোষণা করা হবে।এ ছাড়া যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ ছয় দফা দাবির সমর্থনে গণস্বাক্ষর কর্মসূচির সময়সীমা ২২ মার্চ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

আন্দোলনের শুরু

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন বিকেলে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন। সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আর বাংলাদেশের কণ্ঠস্বরে পরিণত হয় শাহবাগ। আজ সেই আন্দোলনের ৩১তম দিন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে শাহবাগের বাইরে রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর ১০ নম্বর গোল চত্বর, মতিঝিলের শাপলা চত্বর, বাহাদুর শাহ পার্ক ও যাত্রাবাড়ীতে গণজাগরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শাহবাগ থেকে হরতালবিরোধী মিছিল

শাহবাগের প্রজন্ম চত্বর থেকে আজ জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে মিছিল করেছেন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনকারীরা।শাহবাগের প্রজন্ম চত্বরে আজ সকাল থেকে হাজারো মানুষ ভিড় জমান। সকাল সাড়ে নয়টার দিকে তাঁরা মিছিল নিয়ে শাহবাগ থেকে মত্স্য ভবন-প্রেসক্লাব ও পল্টন হয়ে আবার শাহবাগে ফিরে আসেন।এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে বিভিন্ন ছাত্র সংগঠনের জোট ‘ছাত্র সংগ্রাম পরিষদ’ হরতালবিরোধী একটি মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে শেষ হয়। পরে তারা গণজাগরণ মঞ্চে যোগ দেয়।মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে ফাঁসির আদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে গতকাল বুধবার জামায়াতে ইসলামী আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশে ককটেল বিস্ফোরণ ও তা পণ্ড করে দেওয়ার প্রতিবাদে আজ সারা দেশে পৃথকভাবে হরতালের ডাক দেয় বিএনপি।