সোহরাওয়ার্দী উদ্যানের স্থাপনা সরাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের রেসকোর্স ময়দান আজকের সোহরাওয়ার্দী উদ্যানের সব স্থাপনা অপসারণ করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের আগের কোনো স্থাপনা ও বিদ্যমান মুক্তিযুদ্ধসংক্রান্ত স্মারক, ভাস্কর্য, স্মৃতিফলক বা স্তম্ভ এ আদেশের বাইরে থাকবে। উদ্যানের ঐতিহাসিক সাতটি স্থান চিহ্নিত করতে কমিটি গঠনের আদেশ দিয়েছেন আদালত। আদেশে বলা হয়েছে, কমিটির চিহ্নিত স্থানে, আন্তর্জাতিক মান ও বিবেচনাপ্রসূত, দৃষ্টিনন্দন, ভাবগাম্ভীর্যপূর্ণ স্মৃতিসৌধ নির্মাণ ও সংরক্ষণ করতে হবে। রেসকোর্স ময়দানে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের স্থান ও একই বছরের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থান সংরক্ষণের নির্দেশনা চেয়ে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ ও অধ্যাপক মুনতাসীর মামুন জনস্বার্থে গত বছরের ২৫ জুন হাইকোর্টে রিট করেন। ওই বছরের ৮ জুলাই বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। এক বছর পর গতকাল বুধবার রায়ের অনুলিপি প্রকাশিত হয়। রায়ে গৌরবময় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান চিহ্নিত করে সংরক্ষণের জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়। রায়ের পর্যবেক্ষণে মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ শুধু বাঙালি হওয়ার কারণে চরম নির্যাতিত হওয়ায় এবং প্রাণ বিসর্জন দেওয়ায় তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১৫ ডিসেম্বর ‘জাতীয় শোক দিবস’ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের যে অংশে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, সে অংশটিকে ‘স্বাধীনতা উদ্যান’ বা ‘লিবার্টি স্কয়ার’ নামকরণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। যেসব স্থান চিহ্নিত করতে হবে: আদেশে আদালত এক বা একাধিক কমিটি গঠন করে সোহরাওয়ার্দী উদ্যানের সাতটি স্থান চিহ্নিত করতে বলেছেন। এগুলো হলো—১৯৪৮ সালের ২১ মার্চ পাকিস্তানের প্রথম গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহর দেওয়া ভাষণের স্থান। ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের ভাষণের স্থান। ১৯৭১ সালের ৩ জানুয়ারি আওয়ামী লীগ থেকে জাতীয় ও প্রাদেশিক সংসদে নির্বাচিত সদস্যদের শপথের স্থান। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের স্থান। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের স্থান। ১৯৭২ সালের ১০ জানুয়ারি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাষণের স্থান এবং ১৯৭২ সালের ১৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভাষণের স্থান। এই সাতটি স্থান ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের সব ধরনের স্থাপনা অপসারণ করতে বলা হয়েছে। এ ছাড়া রায়ে কমিটি গঠন করে সারা দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বধ্যভূমি, মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর সৈনিকদের সমাধিক্ষেত্র চিহ্নিত করতে বলা হয়েছে। চিহ্নিত বধ্যভূমিগুলোতে ভাবগাম্ভীর্যপূর্ণ সমাধিক্ষেত্র নির্মাণ বা স্মৃতিফলক/স্তম্ভ স্থাপন ও সংরক্ষণ করার কথাও উল্লেখ করা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ: রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা পদক প্রদান করা হয়েছে। তিনি জাতির জনক। তাঁর নামেই মুক্তিযোদ্ধরা যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। তাঁর সরকারই এসব পদক প্রবর্তন করেছিল। এ পদক প্রদান করে তাঁকে বরঞ্চ অবমূল্যায়ন করা হয়েছে। তিনি সব পদকের ঊর্ধ্বে। আদালত বলেছেন, ‘সকল সেক্টর কমান্ডারগণকে তাঁদের বীরত্বের পুরস্কারস্বরূপ স্বাধীনতা পদক প্রদান করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’প্রতিক্রিয়া: এ ব্যপারে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম প্রথম আলোকে বলেন, রায়ের অনুলিপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়া হবে। রিট আবেদনকারীদের কৌঁসুলি মনজিল মোরসেদ বলেন, রায়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্মৃতি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের পথ সুগম হয়েছে। ১৯৭১ সালের পরের সব স্থাপনা সরাতে বলা হয়েছে। তাই উদ্যানে অবস্থিত শিশুপার্ক ও পুলিশক্যাম্প সরিয়ে নিতে হবে। কারণ, এসব স্থাপনা ১৯৭১ সালের পর নির্মাণ করা হয়েছে।রিট আবেদনকারী কে এম সফিউল্লাহ প্রথম আলোকে বলেন, জাতীয় স্বার্থেই আদালতের নির্দেশনা অনুসারে সোহরাওয়ার্দী উদ্যানের সব স্থাপনা অপসারণ করতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানাতে এর কোনো বিকল্প নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উদ্যানটির উত্তর পাশে শিশুপার্ক রয়েছে। এটি সরিয়ে অন্যত্র নেওয়া যেতে পারে। সরকার অবিলম্বে আদালতের নির্দেশনা বাস্তবায়নে উদ্যোগ নেবে বলে তিনি আশা করেন।