সোহরাওয়ার্দী মেডিকেল: আবাসন সংকটে বিপর্যস্ত শিক্ষার্থীরা
আইনি জটিলতায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হোস্টেল নির্মাণকাজ বন্ধ আছে। এর খেসারত দিতে হচ্ছে শিক্ষার্থীদের। কলেজ কর্তৃপক্ষ হোস্টেলে ১৭৬ আসনের ব্যবস্থা করেছে, সেখানে ৪৪২ জন শিক্ষার্থী গাদাগাদি করে থাকেন। আরও প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসের বাইরে থাকেন মেসে ও বাসা ভাড়া করে।রাজধানীর এই সরকারি মেডিকেল কলেজে ছাত্রী ও ছাত্রদের দুটি পৃথক হোস্টেলের জন্য দুটি ছয়তলা ভবন নির্মাণের কথা। এক বছর আগে দুটি ভবনের দোতলা পর্যন্ত নির্মাণকাজ শেষ হয়েছে। দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ পেয়েছিল। কিন্তু বাকি চারতলার নির্মাণকাজ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তারা হাইকোর্টে রিট করে। তখন থেকে হোস্টেল নির্মাণের কাজ থেমে আছে।মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম মাকসুদুল আলম শিক্ষার্থীদের দুর্ভোগের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, গণপূর্ত অধিদপ্তর হোস্টেল নির্মাণ কাজের তত্ত্বাবধান করছে। দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে হোস্টেল ভবনের প্রথম ও দ্বিতীয় তলা নির্মাণের চুক্তি হয়েছিল। দুটি হোস্টেলের ওপরের চারতলা নির্মাণ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান দুটির সঙ্গে তাদের আইনি জটিলতার কারণে হোস্টেল ভবন নির্মাণ বন্ধ রয়েছে।জটিলতা: কলেজ ও গণপূর্ত অধিদপ্তর সূত্র জানায়, ২০০৬ সালে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সোহরাওয়ার্দী হাসপাতালের পূর্বপাশে এবং নতুন কলেজ ভবনের উত্তর-পূর্বদিকে ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের প্রথম ও দ্বিতীয় তলা নির্মাণের কার্যাদেশ পায় আমির আলী এন্টারপ্রাইজ ও আমির হোসেন এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি ওই বছর ফেব্রুয়ারি মাসে নির্মাণকাজ শুরু করে এবং ২০০৮ সালের জুন মাসে নির্মাণকাজ শেষ করে। কলেজ কর্তৃপক্ষ হোস্টেল দুটিতে ১৭৬ (ছাত্র ৮৮ ও ছাত্রী ৮৮) আসনের বিপরীতে ২৩৫ শিক্ষার্থীকে বরাদ্দ দেয়।এরপর ঠিকাদার প্রতিষ্ঠান আমির আলী এন্টারপ্রাইজ ও আমির হোসেন এন্টারপ্রাইজ কর্তৃপক্ষের কাছে হোস্টেল দুটির ওপরের চারতলা নির্মাণের কার্যাদেশ দেওয়ার দাবি করে। কিন্তু গণপূর্ত অধিদপ্তর কাজ দিতে রাজি হয়নি। এরপর দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান হাইকোর্টে রিট করে। আদালত ২০০৯ সালের ২৩ জুলাই হোস্টেলের ওপরের চারতলার নির্মাণকাজে নিষেধাজ্ঞা দেন। এরপর থেকে নির্মাণকাজ বন্ধ রয়েছে।ঠিকাদারি প্রতিষ্ঠান আমির হোসেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এইচ এম হেলাল দাবি করেন, হোস্টেলের ওপরের চারতলা নির্মাণের দরপত্রে তিনি অংশ নেন। সর্বনিম্ন দরদাতা হলেও তাঁকে কাজ দেওয়া হয়নি। একই দাবি আমীর আলী এন্টারপ্রাইজেরও। ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি এ কারণেই আদালতে রিট করে।শিক্ষার্থীদের দুর্ভোগ: কলেজে গিয়ে দেখা গেছে, ছাত্রাবাসের নিচতলায় হোস্টেল সুপারের কক্ষে দুটি খাট। বাসিন্দারা জানালেন, প্রতিটি খাটে তিনজন করে শিক্ষার্থী থাকেন। দুই খাটের মাঝে ছোট একটি পড়ার টেবিল। অতিথি কক্ষে আছেন পাঁচ শিক্ষার্থী। খাবার ঘরটিকে নামাজ পড়ার জায়গা হিসেবে ব্যবহার করেন শিক্ষার্থীরা। স্থানসংকুলান না হওয়ায় সেখানেই একটি টেলিভিশন বসানো হয়েছে। দ্বিতীয় তলায় চারজনের একটি কক্ষে গাগাদাদি করে থাকছেন ১০ শিক্ষার্থী। ওই কক্ষে একজনের চৌকিতে থাকছেন দুজন করে। দ্বিতীয় তলার ১০৮ নম্বর কক্ষে দেখা গেল খাট পাতার আর জায়গা না থাকায় মেঝেতে আশ্রয় নিয়েছেন দুজন।দ্বিতীয় তলার পড়ার ঘরে থাকেন ৩২ জন ছাত্র। লাইব্রেরিতে সাতটি খাট পেতে রয়েছেন ১৪ জন। ছাত্ররা পাঠাগারের পড়ার কাজটি করেন খাটের ওপর শুয়ে। কমন রুমে ৪০ জন ছাত্র থাকছেন গাদাগাদি করে। ঠিক একই অবস্থা পাশের ছাত্রীনিবাসে। দুটি হোস্টেলের শিক্ষার্থীরা নানা ধরনের নিরাপত্তাহীতায় আছেন বলে জানান। দুটি হোস্টেলের সদর দরজা বন্ধের কোনো ব্যবস্থা নেই। মাঝেমধ্যে বহিরাগতরা ভেতরে ঢুকে পড়ে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।তৃতীয় বর্ষের ছাত্র কাজী মাহবুব বলেন, এভাবে গাদাগাদি করে থাকার কারণে শিক্ষার্থীদের মধ্যে চর্মরোগ, জন্ডিস ও পেটের পীড়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশের আর কোনো মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এ রকম অস্বাস্থ্যকর ও মানবেতর জীবনযাপন করেন না। তিনি বলেন, এ অবস্থা চলতে থাকলে অনেকের পক্ষে মেডিকেল শিক্ষা শেষ করা সম্ভব হবে না।তৃতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ আল নোমান বলেন, ভর্তি হওয়ার আগে লিখিত নেওয়া হয় কেউ হোস্টেলে থাকার দাবি করতে পারবে না। হোস্টেলে এসে দেখছেন টেবিল বসানোর জায়গা না থাকায় খাটের ওপর বসে পড়তে হয়। তিনি বলেন, ভর্তি পরীক্ষার সময় এসব জানলে এ কলেজে ভর্তি হতেন না।আরেক ছাত্র ফরহাদ পারভেজ বলেন, গুরুত্বের বিবেচনায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজকে তৃতীয় স্থানে দেখা হলেও কোনো সুযোগসুবিধা এখানে নেই। ঢাকা মেডিকেল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সরকারি অনুদানে ক্যানটিন চলে, আর এখানে শিক্ষার্থীরা উদ্যোগ নিয়ে ক্যানটিন চালান। ঠিকাদারি প্রতিষ্ঠানের জন্য তাঁরা খেসারত দিতে রাজি নন। তিনি বলেন, ‘ক্লাস থেকে হোস্টেলে ফিরে দেখি বই, খাতা, টাকা, মোবাইল ফোন চুরি হয়ে গেছে।’ এখানে পালা করে তিনজন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করলেও তাঁরা সার্বক্ষণিক থাকেন না। দুর্গোৎসবের বন্ধে বহিরাগতরা ছাত্রবাসে ঢুকে একটি ফ্যান চুরি করে নিয়ে গেছে। তৃতীয় বর্ষের ছাত্র মাসুদুর রহমান বলেন, ‘ভর্তির সময় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল এক বছরের মধ্যে হোস্টেল হবে। এখন সিট চাইতে গেলে বলা হয়, এতে আমাদের হাত নেই।’ তৃতীয় বর্ষের ছাত্রী লুবনা আহমেদ বলেন, কমন রুমে ৮০ জন ছাত্রী থাকেন। এত শিক্ষার্থী একসঙ্গে থাকার কারণে রাতে ঘুম হয় না। অনেকে সাতটার ক্লাস ধরতে পারেন না। পড়ার কোনো পরিবেশ এখানে নেই।হোস্টেলে আসন না থাকায় শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে মেসে বা বাসা ভাড়া করে থাকতে হয়। এঁদেরই একজন প্রথম বর্ষের ছাত্র জুবায়ের ইবনে শামীম জানান, মিরপুর সাড়ে ১১ নম্বরে মেস ভাড়া করে থাকেন। প্রতিদিন সকাল সাতটায় রওনা দিয়ে প্রথম ক্লাসে অংশ নিতে পারেন না তিনি। লাইব্রেরিতে বেশি রাত পর্যন্ত পড়াশোনা করে মেসে ফেরার সময় একাধিকবার ছিনতাইয়ের শিকার হয়েছেন কলেজের সামনেই।প্রথম বর্ষের ছাত্র শ্রীকান্ত বর্মণ জানান, ভর্তি হওয়ার সময় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে হোস্টেলে ওঠার দাবি করতে পারবে না বলে মুচলেকা নেয়, এটা অন্যায়। তিনি বলেন, ঢাকায় বাসা আছে এমন কিছু ছাত্র তাঁদের নামে আসন বরাদ্দ নিয়েও থাকেন না। কর্তৃপক্ষ এসব বিষয়গুলো বিবেচনা করতে পারে।শিক্ষার্থীদের দুর্ভোগের কথা জানিয়ে শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম মাকসুদুল আলম ২০০৯ সালে হোস্টেলের সম্প্রসারণ কাজ শুরু ও আবাসন সমস্যার সমাধান চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠান। ওই চিঠিতে বলা হয়, হোস্টেল দুটিতে ধারণক্ষমতার অতিরিক্ত আসন বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানসংকুলান না হওয়ায় বর্তমানে ছাত্রছাত্রীরা মানবেতরভাবে হোস্টেলে অবস্থান করছেন। হোস্টেল দুটির ওপরের চারতলা নির্মাণে ১২ কোটি টাকা পাওয়া গেলেও গণপূর্ত অধিদপ্তরের কালক্ষেপণ ও দরপত্র জটিলতার কারণে বরাদ্দ পাওয়া টাকা খরচ করা সম্ভব হয়নি। বরাদ্দের টাকা ফেরত যাওয়ায় হোস্টেল দুটির ওপরের তলায় কাজ শুরু করা যায়নি। চিঠিতে আরও বলা হয়, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হোস্টেল দুটির ওপরের তলাগুলোর পুনঃদরপত্র আহ্বান করেছিলেন। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দরপত্রসংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার আদেশ দিয়েছেন আদালত। নতুন আরও যেসব ছাত্রছাত্রী ভর্তি হবেন তাঁদের বাসস্থানের কোনো ব্যবস্থা নেই।