সোহরাবউদ্দিন হত্যা মামলায় গুজরাটের মন্ত্রী অমিত শাহ গ্রেপ্তার
পুলিশের কথিত এনকাউন্টারে রাজস্থানের বাসিন্দা সোহরাবউদ্দিন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি পদত্যাগী গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আজ রোববার গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। সিবিআই অমিতকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ ওয়াই ডেভের কাছে নিয়ে রিমান্ডের আবেদন করলে ম্যাজিস্ট্রেট সিবিআইয়ের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।আজ সকালে অমিত শাহ আহমেদাবাদে বিজেপির সংবাদ সম্মেলনে নাটকীয়ভাবে হাজির হন। আত্মরক্ষামূলক বিভিন্ন তথ্য উপস্থাপন করে শাহ বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রণীত। এসব অভিযোগের কিছুই সত্য নয়।’অমিত শাহ আরও বলেন, বিজেপির বিরুদ্ধে এটি একটি ষড়যন্ত্র এবং কংগ্রেস সরকারের অপতত্পরতা। সাবেক এই মন্ত্রীকে দুই মাস ধরে জনসম্মুখে দেখা যায়নি।অমিত শাহ বলেন, ‘আমি অভিযোগপত্রটি পেয়েছি। তবে সংবাদমাধ্যমে আমাকে জড়িয়ে যা বলা হয়েছে, তা অতিরঞ্জিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ ছাড়া এটা ছিল কংগ্রেস সরকারের নির্দেশ।’এদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহের পদত্যাগপত্র গ্রহণ করে গভর্নরের কাছে পাঠিয়েছেন। গতকাল শনিবার অমিত নরেন্দ্র মোদীর কাছে তাঁর পদত্যাগপত্র পাঠান।সিবিআইয়ের দুই হাজার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে বলা হয়, অমিত শাহ সোহরাবউদ্দিনকে হত্যা করার জন্য ভারতীয় পুলিশ কর্মকর্তা ডি জি ভানজারা, রাজকুমার পানডিয়ান ও অভয় চুদাশামার ওপর দায়িত্ব দেন। ২০০৫ সালের ২৬ নভেম্বর আহমেদাবাদের কাছে পুলিশের কথিত এনকাউন্টারে সোহরাব নিহত হন। পরে সোহরাবউদ্দিনের হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী তাঁর স্ত্রী কাওসারবাইকেও তিনি হত্যার নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে।