সোহাগ-নাসিরউদ্দিনের স্বপ্ন
সেরা ব্যাটসম্যান, সেরা বোলার—এবারের জাতীয় লিগের দুই সেরাই বরিশাল বিভাগের। চলুন, পরিচিত হই নাসিরউদ্দিন ও সোহাগ গাজীর সঙ্গেএকজনের স্বপ্ন দেখার মৌসুম মাত্র শুরু। আরেকজন স্বপ্ন দেখে দেখে হয়ে পড়ছেন ক্লান্ত। একজনের সামনে ফসল ফলানোর অবারিত সবুজ প্রান্তর। আরেকজন মনে মনে ভাবেন, ফেলে আসা পথটা তো সবুজই ছিল! এখন কেন সব ধূসর? একজনের নাম গাজী সোহাগ, আরেকজন নাসিরউদ্দিন ফারুক।শুধু বরিশাল দলে খেলেন বলেই নয়, এবারের জাতীয় লিগ এই দুই রকমের ক্রিকেটারকে এক করে দিচ্ছে আরেকটা কারণেও। দুজনই এবার সেরাদের সেরা! ৮ ম্যাচে ৪১ উইকেট নিয়ে চার দিনের ম্যাচে সবচেয়ে বেশি উইকেট অফ স্পিনার সোহাগ গাজীর। সমান ম্যাচে ৬৩২ রান করে ব্যাটসম্যানদের সেরা নাসিরউদ্দিন ফারুক।জাতীয় লিগের সাফল্য সামনে স্বপ্নের নতুন জানালা খুলে দিয়েছে পটুয়াখালীর ২০ বছরের তরুণ সোহাগ গাজীর। বাংলাদেশে অফ স্পিনারের সংকট অনেক দিনের। ধাপে ধাপে নিজেকে প্রমাণ করে যদি ওই জায়গাটায় যাওয়া যায়! বাবা চাকরি করেন পুলিশে। বড় ভাই ও খুলনা লিগের ক্রিকেটার শাহীনের উৎসাহে সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকেই ক্রিকেট খেলার শুরু। প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার শুরু ২০০০ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত মাইলো অনূর্ধ্ব-১৩ ক্রিকেট দিয়ে। এরপর অনূর্ধ্ব-১৫, ১৭, ১৯ দলে খেলে দুই বছর ধরে খেলছেন জাতীয় লিগেও। এইচএসসির ছাত্র সোহাগ প্রিমিয়ার ক্রিকেট লিগেও এবারই প্রথম খেললেন ওরিয়েন্টের হয়ে।অফ স্পিনার হিসেবে জীবনের সেরা সাফল্যটা পেলেও সোহাগ একসময় পেস বোলার ছিলেন! তাকে স্পিনার বানিয়ে ছেড়েছেন আসলে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। গল্পটা সোহাগের মুখ থেকেই শুনুন, ‘বাবা খুলনায় চাকরি করতেন বলে অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে আমি খুলনার হয়ে খেলি। তখন পেস বোলার ছিলাম। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে তামিম আমার পরপর দুই বলে দুইটা ছক্কা মেরে দিল। পরের বলে চার। আমার খুবই খারাপ লাগছিল। আর ছক্কা খেলে আমি কখনোই সেটা মানতে পারতাম না। তখন থেকেই চিন্তা করলাম, পেস বল আর করব না। স্পিন করব। খুলনা লিগে ভালো করার পর আস্তে আস্তে স্পিনারই হয়ে যাই।’কিন্তু স্পিনার হলেই যে ব্যাটসম্যানরা ভয় পাবে তা তো না! স্পিনারদের থাকতে হয় বিশেষ কোনো অস্ত্র। সোহাগ গাজীও ঠিক করলেন অফ স্পিনার হিসেবে প্রতিষ্ঠা পেতে হলে সে রকম একটা অস্ত্র রাখতে হবে পকেটে। আরও অনেক অফ স্পিনারের মতো তাঁর সেই অস্ত্রের নামও দুসরা। ‘দুসরা মারতেই বেশি ভালো লাগে। যে জায়গায় বল ফেলে টার্ন করাই, ওই জায়গা থেকেই দুসরা মারতে চেষ্টা করি। এবার উইকেটগুলোও বেশির ভাগ পেয়েছি দুসরা মেরে। ব্যাটসম্যানেরা আমার এই বলটা খেলতে পারেনি’ বলছিলেন সোহাগ। কোচ শেখ সালাউদ্দিনের কাছ থেকে মাঝেমধ্যে টিপস নিয়েছেন। তবে সোহাগ দুসরা শিখেছেন মূলত হরভজন সিংয়ের বোলিং দেখে দেখে।ক্রিকেটার হয়ে ওঠার গল্প বলার সময় সোহাগের কণ্ঠে যে প্রাণের উচ্ছ্বাস পাওয়া গেল, নাসিরউদ্দিন ফারুকের সেটি নেই। এটা হয়তো স্বাভাবিকই। এবার সবচেয়ে বেশি রান করলেও ছয় বছরের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে জাতীয় লিগের সেরা ব্যাটসম্যানদের তালিকায় তাঁর নাম আগেও ওপরের দিকে থাকত। গতবার ইনজুরির কারণে খেলতে না পারলেও তার আগেরবারও ৬০০-র বেশি রান করে চতুর্থ স্থানে ছিলেন। এ ছাড়া প্রিমিয়ার লিগেও নিয়মিতই রান থাকে ব্যাটে। একাডেমি দলের অধিনায়ক ছিলেন, খেলেছেন ‘এ’ দলেও। সব মিলিয়ে জাতীয় দলের বাইরে নাসিরউদ্দিন ফারুক নামটা খুব অপরিচিত নয়।কিন্তু এভাবে আর কত দিন? সিঁড়ি ভেঙে পরের ধাপটাতে কি আর ওঠা হবে না! নাসিরউদ্দিন ফারুকের গলায় হতাশ, ‘হ্যাঁ, একটা জায়গায় গিয়েই আটকে থাকছি...।’ তবে লড়াই থেকে পিছটান দিচ্ছেন না, কৌশলটা বদলেছেন শুধু। ‘সামনে কী হবে না হবে এসব নিয়ে আগে খুব বেশি চিন্তা করতাম। মৌসুমের শুরুতেই ভাবতাম এবার অত রান করতে হবে, এই করতে হবে। জাতীয় দলে খেলতে হবে, এটাই যেন চাপ হয়ে গিয়েছিল। এখন সব বাদ দিয়ে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি। নেগেটিভ চিন্তা বাদ দিয়েছি।’ ফারুককে এই পরামর্শটা দিয়েছেন সাবেক এক ক্রিকেটারই, ‘আমরা একসঙ্গে জিম করতাম। ওনাকে একদিন বললাম, রান পাচ্ছি না, কী করি। উনি বললেন, ক্রিকেটটা উপভোগের চেষ্টা করো। এখন সেটাই করছি।’১৯৯৮ সালে বিকেএসপিতে ভর্তি হওয়ার পর কোচ নাজমুল আবেদীন ফাহিম আর সারওয়ার ইমরানের তত্ত্বাবধানেই বেড়ে ওঠা ফারুকের। এরপর আস্তে আস্তে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে আসা। বিকেএসপির হয়ে প্রিমিয়ার লিগের শুরুটা ভালো না হলেও উত্থান হলো সূর্যতরুণে টানা তিন বছর খেলে। মুন্সিগঞ্জের ছেলে ফারুক একসময় জাতীয় লিগেও খেলা শুরু করেন বরিশালের হয়ে এবং ঢাকা বিভাগের হলেও এই দলে খেলেই বেশি স্বস্তিবোধ করেন তিনি।বাবা মহিউদ্দিন ফারুক বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান। তাঁর উৎসাহের সঙ্গে বড় ভাইয়েরও চেষ্টা ছিল ফারুককে ক্রিকেটার বানানোর। ইবাইস বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ফারুক বাবা-ভাইয়ের সেই ইচ্ছাটাকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাঝে হতাশ হয়ে পড়লেও এবারের জাতীয় লিগ নিশ্চয়ই আশার প্রদীপ জ্বালাবে তাঁর সামনে।