সোহাগ পরিবহনের বিরুদ্ধে শিক্ষকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের মামলা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু আউয়াল মো. শোয়েব।গত বছর সড়ক দুর্ঘটনায় আহত কম্পিউটার-বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রভাষক শোয়েব আজ রোববার দুপুরে সিলেটের জেলা যুগ্ম জজ দ্বিতীয় আদালতে মামলাটি করেন।মামলায় সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল, চেয়ারম্যান আনোয়ারা বেগম ও স্থানীয় ইনচার্জ মো. রুস্তম আলীকে মূল বিবাদী করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান ও বিআরটিএর সহকারী পরিচালককে মোকাবিলা বিবাদী করা হয়েছে। আদালত সূত্র জানায়, দুপর পৌনে ১২টার দিকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকার চেয়ে বিচারক শেখ আশফাকুর রহমানের আদালতে আবু আউয়াল মো. শোয়েব মামলাটি করেন। এ সময় তাঁর সঙ্গে সিএসই বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ইয়াসমীন হক, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জহিরুল ইসলাম, সিএসই বিভাগের প্রভাষক আবু আউয়াল মো. শোয়েব, আইনজীবী পঙ্কজ কুমার রায়, বেদানন্দ ভট্টাচার্য, প্রশান্ত কুমার পাল ও তাপস বন্ধু দাস ছিলেন।মামলার বাদী আবু আউয়াল মো. শোয়েব জানান, গত বছরের ২ আগস্ট ঢাকা থেকে সিলেটগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ওভারটেকিং করতে গেলে বাসের সামনের একটি চাকা ফেটে যায়। এবং বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ১৬ জন যাত্রী নিহত এবং অর্ধশতাধিক যাত্রী আহত হয়। আহত ব্যক্তিদের একজন আবু আউয়াল মো. শোয়েব।এই দুর্ঘটনায় শারীরিক, মানসিক, পেশাগত ও আর্থিক ক্ষয়ক্ষতির জন্য তিনি আইনজীবী তাপস বন্ধু দাসের মাধ্যমে সোহাগ পরিবহন কর্তৃপক্ষের বরাবর ১০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনগত নোটিশ দেন। কিন্তু নোটিশ গ্রহণ করা সত্ত্বেও সোহাগ পরিবহন কর্তৃপক্ষ নির্দিষ্ট মেয়াদের মধ্যে ক্ষতিপূরণ না দেওয়ায় তিনি আজ এই মামলা করেন। মামলা দায়েরর পর মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘সড়কে যেসব মানুষ নিহত হচ্ছে, তা দুর্ঘটনায় নয়, এগুলো রীতিমতো হত্যাকাণ্ড। এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দৃষ্টান্ত হিসেবে মামলাটি করা হলো। মামলায় সুবিচার পাওয়া গেলে সারা দেশে সড়কে হত্যার শিকার সবাই মামলা করতে এগিয়ে আসবে। তখন অপরাধীরা বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে।’