সোহাগপুরে কামারুজ্জামানের অপরাধের প্রমাণ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামী বাংলাদেশের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তদন্ত দলের সদস্যরা। আজ শনিবার বিকেল তিনটায় তদন্তকাজ শেষে মানবতাবিরোধী অপরাধ তদন্তদলের প্রসিকিউটর (প্রশাসন) জেয়াদ আল মালুম এ কথা জানান।জেয়াদ আল মালুম প্রথম আলোকে বলেন, ১৯৭১ সালের ২৫ জুলাই সোহাগপুর গ্রামে জামায়াতের নেতা কামারুজ্জামানের নির্দেশে তাঁর অধীনস্থ স্থানীয় আলবদর ও রাজাকারদের প্রত্যক্ষ সহযোগিতায় ১৮৬ জন নিরীহ পুরুষকে হত্যা করা হয়। তখন গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়ে। এরপর থেকে গ্রামটি সোহাগপুর বিধবাপল্লি হিসেবে পরিচিতি লাভ করে। জেয়াদ আল মালুম আরও বলেন, সোহাগপুর গ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় আজ ৪০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। পরে তদন্ত দল নালিতাবাড়ী উপজেলার বারোমারি সীমান্ত এলাকায় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত হওয়া ব্যক্তিদের বিভিন্ন মৃত্যুকূপ পরিদর্শন করেন। এর আগে তদন্ত দলের সদস্যরা আজ সকালে নালিতাবাড়ী উপজেলা কমপ্লেক্সে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পৌর মেয়র, মুক্তিযোদ্ধা কমান্ডার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সঙ্গে এক মতবিনিময় সভা করেন। ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত করতে গতকাল শুক্রবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাঁচ সদস্যের তদন্ত দল শেরপুর জেলায় পৌঁছান।তদন্ত দলে রয়েছেন প্রসিকিউটর (প্রশাসন) জেয়াদ আল মালুম, প্রসিকিউটর (অর্থ) মো. মোখলেসুর রহমান বাদল, তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবদুর রাজ্জাক খান, জেড এম আলতাফুর রহমান ও মো. ওবায়দুল্লাহ।