সোহেল তাজ এখনো প্রতিমন্ত্রী, তবে বেতন-ভাতা নিচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ তানজিম আহমদ সোহেল তাজ এখনো প্রতিমন্ত্রী রয়েছেন। সরকার অন্য প্রতিমন্ত্রীদের যে সুযোগ-সুবিধা ও বেতন-ভাতা দিচ্ছে, সোহেল তাজের জন্যও একই সুবিধা রাখা হয়েছে। ছুটিতে থাকার কারণে এবং কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে না থাকায় প্রতিমন্ত্রী হিসেবে সোহেল তাজ কোনো সুবিধা বা বেতন-ভাতা নিচ্ছেন না।জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ গতকাল প্রথম আলোকে বলেন, শপথ নেওয়ার পর থেকে আজ পর্যন্ত সোহেল তাজ প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন। নতুনভাবে তাঁকে নিয়োগ দেওয়ার খবর ঠিক নয়। আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, এখন তিনি দপ্তরবিহীন।মন্ত্রিপরিষদ সচিব বলেন, সোহেল তাজকে সব ধরনের সুযোগ-সুবিধা সরকার দিচ্ছে। কিন্তু তা তিনি নেবেন কি নেবেন না, এটা একান্তই তাঁর ব্যাপার।প্রতিমন্ত্রীর পদমর্যাদায় থাকার পরও কেন সোহেল তাজকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে না জানতে চাইলে সচিব বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী জানেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কোনো মন্তব্য করতে পারে না।একাধিক সূত্র জানায়, সোহেল তাজ প্রতিমন্ত্রী হিসেবে কোনো বেতন-ভাতা নিচ্ছেন না। তবে প্রতিমন্ত্রী হিসেবে তাঁর নামে বেতন-ভাতা বরাদ্দ রাখা হয়েছে।এ ছাড়া মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রীর দপ্তরের ওয়েবসাইটে সোহেল তাজকে প্রতিমন্ত্রী হিসেবে দেখানো হয়েছে। গতকাল সোহেল তাজের সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।মন্ত্রিসভার একজন সদস্য জানান, সরকারের উচ্চপর্যায় থেকে সোহেল তাজকে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। এ ব্যাপারে সোহেল তাজের সঙ্গে আলোচনাও চলছে। একই সঙ্গে তাঁকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক করার ব্যাপারেও কেউ কেউ প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করেছেন।গত বছরের জুনে পদত্যাগ করেন সোহেল তাজ। তবে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ না করে তাঁকে ছুটি দেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। গত ২৭ জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন। সে সময়ও তিনি প্রতিমন্ত্রী হিসেবে কোনো সুযোগ-সুবিধা বা প্রটোকল নেননি।গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাংসদ তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, রাজনীতিতে কালো টাকা ও কলুষিত লোকের আগমনের কারণে আদর্শ ও নীতিবান রাজনীতিবিদেরা রাজনীতি থেকে সরে যাচ্ছেন। সুখী-সুন্দর সমাজ ও সোনার বাংলা গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার দিনবদলের সনদ বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।সোহেল তাজ গতকাল মঙ্গলবার কাপাসিয়ার দরদরিয়া এলাকায় নিজ বাড়ির কাছে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভা ও ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, আমাদের সবাইকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে কাজ করতে হবে। আগে মানুষ একজন শিক্ষককে অনেক সম্মান করত। কিন্তু আজকে সমাজে অবক্ষয় দেখা দিয়েছে।অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান মো. রুহুল আমীন প্রমুখ।