সোহেল তাজ ঢাকায় ফিরে প্রতিমন্ত্রীর সুবিধা নেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগ করে বিদেশে যাওয়া এবং দেশে ফেরা—দুটোতেই নাটকীয়তার জন্ম দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।গত বছরের ৩১ মে হঠাত্ পদত্যাগের চার দিন পর তিনি এক দিনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করেন। এরপর ৯ জুন যুক্তরাষ্ট্রে যান তিনি। ১৯ জুলাই গণমাধ্যমকে পদত্যাগের কথা জানান তিনি।সোহেল তাজ গতকাল বুধবার ঢাকায় ফিরেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁকে সরকারি প্রটোকল দেওয়া হয়। কিন্তু তিনি হাসিমুখে তা ফিরিয়ে দেন। সরকারি গাড়িতে না চড়ে বোনের গাড়িতে করে তিনি বনানীতে মায়ের বাসায় যান।সোহেল তাজ গতকাল সকাল ১০টা ২০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে দেশে ফেরেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, যুগ্ম সচিব বজলুর রহমানসহ সরকারি কর্মকর্তারা। প্রতিমন্ত্রীর প্রটোকল অনুযায়ী সরকারি পরিবহন পুলের একটি গাড়ি রাখা ছিল বিমানবন্দরে। নিরাপত্তার জন্য অন্য একটি গাড়িতে পুলিশ সদস্যদের রাখা হয়।বিমান কিছুটা দেরি হওয়ায় সরকারি অন্য একটি বৈঠকে উপস্থিত থাকার জন্য স্বরাষ্ট্রসচিব পৌনে ১০টার সময় বিমানবন্দর থেকে চলে যান। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভিআইপি লাউঞ্জে সোহেল তাজকে স্বাগত জানান। এ ছাড়া টঙ্গী এলাকার সাংসদ জাহিদ আহসানসহ সোহেল তাজের নির্বাচনী এলাকা কাপাসিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আসরগর রশিদ খান, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বিমানবন্দরের বাইরে কাপাসিয়ার কয়েক হাজার নেতা-কর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে সোহেল তাজকে স্বাগত জানান।সরকারি প্রটোকল নেননি: ভিআইপি লাউঞ্জে আনুষ্ঠানিকতা শেষে সরকারি গাড়িতে চড়ার অনুরোধ করা হলে সোহেল তাজ তা নেননি। তিনি সরকারি কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে কুশল বিনিময় করে বোনের গাড়িতে ওঠেন। এ সময় নিরাপত্তা রক্ষীদের গাড়ি সোহেল তাজের গাড়িবহর অনুসরণ করে বনানী পর্যন্ত যায়।আগের সিদ্ধান্তে অনড়: প্রতিমন্ত্রীর সম্মান ও সরকারি প্রটোকল দেওয়া হলেও সোহেল তাজ সাংসদ হিসেবেই কাজ করতে চান। দেশে ফিরে স্থানীয় নেতা-কর্মীদের তিনি এ রকম আভাসই দেন। সোহেল তাজ মনে করেন, তিনি আর প্রতিমন্ত্রী নন। গতকাল দেশে ফিরে তিনি গণমাধ্যমকে এড়িয়ে যান। কারও সঙ্গে কথা বলতে চাননি তিনি। তবে তাঁর ঘনিষ্ঠ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সোহেল তাজ আর প্রতিমন্ত্রীর দায়িত্ব নিতে চান না। তিনি সাংসদ হিসেবে কাজ করবেন। কয়েক দিন বিশ্রামে থেকে তিনি নিজ নির্বাচনী এলাকা কাপাসিয়ায় যাবেন। সংসদ অধিবেশনেও যোগ দেবেন তিনি। তবে দেশে লম্বা সময় থাকবেন না বলে জানা গেছে। মাসখানেক পর আবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন তিনি।সরকারি কর্মকর্তারা যা বলেন: সোহেল তাজ পদত্যাগ করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শামসুল হককে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করে শামসুল হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ও সোহেল তাজকে পররাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করা হয়। তা ছাড়া সোহেল তাজ পদত্যাগের পর থেকে সরকারি কোনো সুযোগ-সুবিধা নিচ্ছেন না বলেও গণমাধ্যমকে জানিয়েছেন। কিন্তু গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এক চিঠিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রটোকল দেওয়ার নির্দেশ দেয়।সোহেল তাজকে প্রটোকল দেওয়া সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে সোহেল তাজকে প্রটোকল দেওয়া হয়েছে। আমি নিজেও বিমানবন্দরে গিয়েছিলাম।’ সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে বলার আমি কেউ নই। এ সম্পর্কে আমি কিছু জানি না। মন্ত্রিপরিষদ বিভাগ বলতে পারে।’এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, সোহেল তাজ এখনো প্রতিমন্ত্রী আছেন। তাঁর পদত্যাগ সম্পর্কে কোনো গেজেট নোটিফিকেশন হয়নি। পদত্যাগের আনুষ্ঠানিকতাও হয়নি। আইন মোতাবেক তিনি এখনো প্রতিমন্ত্রী। যেহেতু এখনো তিনি প্রতিমন্ত্রী, তাই তাঁকে প্রটোকল দিতে হবে। সরকারের নির্ভরযোগ্য বেশ কয়েকটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের শীর্ষ পর্যায় চান, সোহেল তাজ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করুন। তাঁরা তাঁর পদত্যাগের বিষয়টি আমলে নিচ্ছেন না। সোহেল তাজের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করেননি। সরকারের সার্বোচ্চ পর্যায়ের নির্দেশেই এখনো তাঁর পদত্যাগের গেজেট নোটিফিকেশন হয়নি।সংবিধানের ৫৮(১)-এর (ক) উপধারায় বলা আছে, ‘প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোনো মন্ত্রীর পদ শূন্য হইবে, যদি তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করিবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র প্রদান করেন।’