সোহেল তাজকে অভিনন্দন
গণফোরাম সভাপতি ও বিশিষ্ট আইনজীবী কামাল হোসেন বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু রাখা দরকার। হাইকোর্টের দেওয়া রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, আরও দুবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।মধ্যবর্তী নির্বাচনের প্রয়োজনীয়তা নেই উল্লে¬খ করে কামাল হোসেন বলেন, বর্তমান পরিস্থিতি থেকে মুক্তির জন্য প্রয়োজন জনগণের ঐক্য এবং ঐকমত্যের রাজনীতি, যা গড়ে তুলতে হবে গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের মৌলিক চাহিদা পূরণের অঙ্গীকারের ভিত্তিতে।আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গণফোরামের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামাল হোসেন এসব কথা বলেন। বর্তমান পরিস্থিতিতে গণফোরামের রাজনৈতিক অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। খবর বাসসের।কামাল হোসেন বলেন, গত নির্বাচনে মানুষ টাকার বদলে ভোট দেয়নি, দিনবদলের জন্য ভোট দিয়েছিল। তিনি বলেন, ‘যে সকল মন্ত্রী ব্যর্থ হয়েছেন, তাঁদের সরে যাওয়া উচিত। সাবেক রেলমন্ত্রী সরে গিয়েছেন কিন্তু পুরোপুরি সরে যাননি। তিনি এখনো দপ্তরবিহীন মন্ত্রী। সোহেল তাজকে আমি অভিনন্দন জানাই। কেননা, সে ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের ছেলে। সে জন্য তাঁর পক্ষে এ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে।’কামাল হোসেন বলেন, রাজনৈতিক সংস্কারের জন্যই এক কোটি ৪০ লাখ ভুয়া ভোটার তালিকা বাতিল করা, নির্বাচন কমিশন পুনর্গঠন করা এবং সন্ত্রাস, হাওয়া ভবন ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এসবই রাজনৈতিক সংস্কারের অবদান।কামাল হোসেন বলেন, ‘বিগত নির্বাচনে চারদলীয় জোটের পরিবর্তে মহাজোট ক্ষমতায় এসেছে। আমরা ১৪ দলীয় জোট করেছি। মহাজোট করি নাই। আমি ১৪ দলের শরিক ছিলাম। কিন্তু এ দুর্ভাগাকে (ড. কামাল হোসেন) না দেখার পরও আপনারা কেন একে ১৪ দলীয় জোট বলেন।’ তিনি জাতীয় পার্টির হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে মহাজোট গঠনেরও সমালোচনা করেন।সংবাদ সম্মেলনে কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মফিজুল ইসলাম খান, কমান্ডার আবদুর রব, এস এম আলতাফ হোসেন, জগলুল হায়দার ও জামাল উদ্দিন আহমেদ প্রমুখ।