সোহেল তাজের পদত্যাগপত্র গ্রহণ করেননি স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারদলীয় সাংসদ তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগপত্র গ্রহণ করেননি জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। তিনি বলেছেন, সোহেল তাজ পদত্যাগপত্র সংবিধান ও সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী জমা দেননি।গতকাল বুধবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান স্পিকার আবদুল হামিদ। তিনি আরও বলেন, উচ্চ আদালত থেকে ভিন্ন কোনো নির্দেশনা আসে কি না, তা দেখার জন্য টাঙ্গাইল-৫ আসনের বিএনপির সাংসদ মাহমুদুল হাসানকে আপাতত শপথ পড়ানো হচ্ছে না। আর সরকারি দলের সাংসদ এনামুল হকের (রাজশাহী-৪) সদস্যপদের বৈধতা নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) যে প্রশ্ন তুলেছে, তা দুদকের এখতিয়ারভুক্ত নয় বলেও স্পিকার মন্তব্য করেন।আমেরিকায় অবস্থানরত গাজীপুর-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ গত ২৩ এপ্রিল ব্যক্তিগত সহকারীর মাধ্যমে স্পিকারের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। স্পিকার তখন তাঁর দপ্তরে ছিলেন না।চার কারণে পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি: সোহেল তাজের পদত্যাগপত্র গ্রহণ না করার পক্ষে চার ধরনের যুক্তি তুলে ধরেন স্পিকার। প্রথমত, সোহেল তাজ বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। স্পিকার বলেন, সোহেল তাজের পদত্যাগপত্রটি ই-মেইল বা ফ্যাক্সযোগে আসেনি। একজন ব্যক্তির মাধ্যমে টাইপ করা কাগুজে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। যে ব্যক্তির মাধ্যমে পদত্যাগপত্র পাঠানো হয়েছে, তাঁর পরিচয়ও অস্পষ্ট। দু-তিন দিন চেষ্টা করেও তাঁকে ধরা সম্ভব হয়নি।দ্বিতীয় কারণ হিসেবে স্পিকার বলেন, সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী একজন সংসদ সদস্যের পদত্যাগপত্রে ‘পদত্যাগ করতে ইচ্ছুক’ কথাগুলো লেখা থাকতে হবে। কিন্তু পত্রে তা নেই। পদত্যাগপত্র নিজ হাতে লেখা হতে হবে। কিন্তু সোহেল তাজের পদত্যাগপত্র টাইপ করা।তৃতীয় কারণ হিসেবে স্পিকার বলেন, ‘পদত্যাগপত্রে সোহেল তাজের সই ও তারিখ একই হাতের কি না, তা নিয়ে সংশয় আছে। এতে দুই ধরনের কালি ব্যবহার করা হয়েছে। ফলে পদত্যাগপত্রটি সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী লেখা হয়েছে বলে মনে হয় না।’চতুর্থ কারণ হিসেবে স্পিকার বলেন, ‘একজন সাংসদ স্বেচ্ছায় পদত্যাগ করবেন। সে জন্য তাঁকে সংবিধান ও কার্যপ্রণালি বিধি মানতে হবে। কিন্তু সোহেল তাজ বর্তমানে আমেরিকায়। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, তা আমি কীভাবে জানব? যে কারণে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করলাম না।’সোহেল তাজের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে কি না, জানতে চাইলে স্পিকার বলেন, ‘হয়েছে। আমি তাঁকে পদত্যাগপত্র সশরীরে এসে জমা দিতে বলেছি। কারণ টেলিফোনে অপর প্রান্তে কেউ তাঁকে অসত্য বলতে বাধ্য করছে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। সন্দেহ ও সংশয় থাকলে পদত্যাগপত্র গ্রহণ করা সম্ভব নয়।’এ বিষয়ে স্পিকার দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ১৯৯৫ সালে বিরোধী দলের ১৪৭ জন সংসদ সদস্য একযোগে পদত্যাগপত্র বাহক মারফত স্পিকারের দপ্তরে জমা দেন। কিন্তু স্পিকার রাজ্জাক আলী তা গ্রহণ করেননি। শেষ পর্যন্ত টানা ৯০ কার্যদিবস অনুপস্থিতির কারণে বিরোধী দলের সদস্যদের সদস্যপদ চলে যায়। এ ক্ষেত্রেও টানা ৯০ কার্যদিবস অনুপস্থিতির কারণে সোহেল তাজের সদস্যপদও বাতিল হয়ে যেতে পারে। আবার স্পিকার ইচ্ছে করলে তাঁকে ছুটিও দিতে পারেন।মাহমুদুল হাসানের শপথ দু-চার দিন পর: উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন ৭ মে টাঙ্গাইল-৫ আসনের জাতীয় পার্টির সাংসদ আবুল কাশেমের সদস্যপদ বাতিল করে ওই আসনে বিএনপির মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। গেজেট ৮ মে বিকেলে সংসদ সচিবালয়ে পাঠানো হয়। সদস্যপদ হারানো সাংসদ কাশেম ৭ এপ্রিল রায় পুনর্বিবেচনার জন্য উচ্চ আদালতে রিভিউ পিটিশন জমা দেন। বিষয়টি উল্লেখ করে একই দিন তিনি সংসদ ও কমিশনকে চিঠি দেন।এ বিষয়ে স্পিকার আবদুল হামিদ বলেন, আবুল কাশেম উচ্চ আদালতে রিভিউ পিটিশন জমা দিয়েছেন। এ বিষয়ে নতুন কোনো নির্দেশনা আসে কি না, তা দেখার জন্য দু-চার দিন অপেক্ষা করতে হবে। রিভিউ পিটিশন গ্রহণ করা হলে শপথ পড়ানো সম্ভব হবে না, খারিজ হলে শপথ পড়ানো হবে। দুদকের এখতিয়ার নিয়ে প্রশ্ন: আইনবহির্ভূতভাবে সরকারের সঙ্গে ব্যবসায় জড়িত থাকায় সাংসদ এনামুল হকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ১০ এপ্রিল সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনকে চিঠি দেয়। এ বিষয়ে স্পিকার আবদুল হামিদ বলেন, একজন সংসদ সদস্য যদি দুর্নীতি করেন, তবে দুদক তাঁর বিরুদ্ধে তদন্ত করতে পারে। কিন্তু একজন ব্যক্তি সংসদ সদস্য হওয়ার যোগ্য কি না, সে বিষয়ে তদন্ত করার এখতিয়ার দুদকের আছে বলে মনে হয় না। এই এখতিয়ার সংসদের। সংসদে এ নিয়ে কেউ প্রশ্ন তুললে সংসদ তা আমলে নেবে। এ বিষয়ে দুদকের এখতিয়ার কতটুকু, তা স্পষ্ট করার জন্য তাদের চিঠি দেওয়া হয়েছে।