সোহেল রানা ১৫ দিনের রিমান্ডে, বাবা গ্রেপ্তার
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা দুই মামলায় ওই ভবনের মালিক সোহেল রানার ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া শাহ আলম মিঠু ও অনীল কুমারের পাঁচ দিনের করে রিমান্ড মঞ্জুর করা হয়।এ ছাড়া দুই মামলায় ওই ভবনের পোশাক কারখানা ইথার টেক্স লিমিটেডের চেয়ারম্যান আনিসুর রহমানের ১২ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল বিকেলে রাজধানীর মগবাজার থেকে সোহেল রানার বাবা আবদুল খালেককে গ্রেপ্তার করে। সাভার থানায় করা মামলায় তিনিও আসামি। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান খালেককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।সোহেল রানা, মিঠু ও অনীলকে গত রোববার দুপুরে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করে র্যাব। রানা প্লাজার আরও দুই পোশাক কারখানার মালিক রিমান্ডে আছেন।গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে সোহেল রানা, মিঠু, অনীল এবং আনিসুর রহমানকে মাইক্রোবাসে করে মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। সোহেল রানার শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল। এ সময় সেখানে গণমাধ্যমকর্মী, আইনজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উৎসুক মানুষের ব্যাপক ভিড় হয়। ক্ষোভ জানাতে অর্ধশতাধিক আইনজীবী ও লোকজন আদালতে ঢুকে পড়েন। তাঁরা আসামির কাঠগড়ায় দাঁড়ানো সোহেল রানাকে লক্ষ্য করে ‘ফাঁসি’ ‘ফাঁসি’ বলে চিৎকার করতে থাকেন। ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে সোহেল রানার পক্ষে কোনো আইনজীবী থাকবেন না বলে সিদ্ধান্ত হয়। আসামিদের পক্ষে আসা তিন আইনজীবীর উদ্দেশে ‘দালাল’ ‘দালাল’ বলে চিৎকার করতে থাকেন কয়েকজন। শুরু হয় উত্তেজনা।এ সময় কান্নাকাটি শুরু করেন সোহেল রানা। তিনি কিছু বলতে চাইলে অনেকে ‘চুপ’ ‘চুপ’ বলে চিৎকার শুরু হয়। একপর্যায়ে আসামিপক্ষের এক আইনজীবী রফিকুল ইসলামকে আদালত থেকে বের করে দেন ক্ষুব্ধ আইনজীবীরা। জ্যেষ্ঠ বিচারিক হাকিম ওয়াসিম শেখ আইনগত দিক তুলে ধরে তাঁদের শান্ত হতে বলেন। পরিস্থিতি শান্ত হলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দুই মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন করেন।এরপর আদালত আসামিপক্ষের আইনজীবী আবু মুসা মুহাম্মদ আরিফের কাছে জানতে চান, তাঁর কিছু বলার আছে কি না। তিনি দাঁড়ালে আইনজীবী ও লোকজন তাঁকে বসতে বলেন। এ অবস্থায় তিনি শুনানি করতে পারেননি। পরে আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।পরে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) খোন্দকার আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, সাভার থানায় করা দণ্ডবিধির ৩০৪ ধারার মামলায় এবং ইমরাত নির্মাণ আইনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) করা মামলায় সোহেল রানার ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত প্রথম মামলায় আট দিন ও দ্বিতীয় মামলায় সাত দিন অর্থাৎ মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ দুই মামলায় আনিসুর রহমানকে সাত দিন করে ১৪ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত প্রথম মামলায় পাঁচ দিন ও দ্বিতীয় মামলায় তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া দণ্ডবিধির মামলায় মিঠু ও অনীলকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হলে তা মঞ্জুর করা হয়।এক প্রশ্নের জবাবে খোন্দকার আবদুল মান্নান বলেন, সাভার থানায় হওয়া দণ্ডবিধির মামলায় দোষী প্রমাণিত হলে সোহেল রানার সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে। রাজউকের করা মামলায় অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। তিনি বলেন, ঢাকা আইনজীবী সমিতি সোহেল রানার পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কেউ তাঁর পক্ষে আবেদন করেননি।নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী বলেন, আসামিপক্ষে কয়েকজন আইনজীবী এলেও তোপের মুখে তাঁরা শুনানি করতে পারেননি।এদিকে আসামিপক্ষের আইনজীবী আবু মুসা মুহাম্মদ আরিফ বলেন, ‘সাভারের ঘটনায় আমরা ব্যথিত। তবে একজন আসামির আইনজীবী পাওয়ার অধিকার আছে। কেউ না দাঁড়ালে রাষ্ট্র তাঁর পক্ষে আইনজীবী নিয়োগ করবে।’ ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্তের ব্যাপারে তিনি কিছু জানতেন না বলে জানান। তিনি বলেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে দোষী বানানো যায় না। এ আদালতে শুনানি করতে না পারলে তিনি উচ্চ আদালতে রিট করবেন।রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কয়েকজন আইনজীবী ও উপস্থিত লোকজন ‘রানার ফাঁসি চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন। সোহেল রানার ফাঁসি চেয়ে স্লোগান দিয়ে বিক্ষোভও করেন তাঁরা।