সোহেল রানাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘রানা প্লাজার মালিক সোহেল রানাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সোহেল রানাকে যেখানে পাওয়া যাবে, সেখান থেকেই গ্রেপ্তার করা হবে।’ এ ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম আলো ডটকমকে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘গতকাল বুধবার রাত থেকে আমরা রানা প্লাজার মালিক সোহেল রানাকে খুঁজছি। আশা করা যায়, শিগগিরই তাঁকে গ্রেপ্তার করা যাবে।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাভারে নবম তলা ভবন ধসে পড়ার ঘটনায় মন্ত্রণালয়ের দেওয়া তদন্ত কমিটির প্রতিবেদনের পর যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার আগেই রানা প্লাজার মালিক সোহেল রানাকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বুধবার সাভারে দুর্ঘটনাস্থল ঘুরে এসে বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘দুর্ঘটনার আগে কিছু মৌলবাদী ও বিএনপির ভাড়াটে লোক সাভারের ভবনটির গেট ও বিভিন্ন স্তম্ভ ধরে “নাড়াচাড়া” করেছিল। ভবনটি ধসে পড়ার পেছনে এটিকেও “একটি কারণ” হিসেবে বিবেচনা করা যেতে পারে।’ আজ এ ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী আগের অনুমানে অটল থেকে বলেন, ‘এ রকম ঘটনা ঘটতেই পারে। তবে আমরা সবকিছু খতিয়ে দেখছি।’রানা প্লাজার মালিক সোহেল রানা সাভার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। বিভিন্ন মিছিলে লোক সরবরাহ করে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। গতকাল তাঁর নবম তলা ভবনটি ধসে পড়ার পর থেকে তাঁকে আর পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী বলেন, ‘ভবনধসের ঘটনায় রানা তাঁর নিজ অফিসকক্ষে আটকা পড়লেও পরে বের হয়ে যান বলে জানতে পেরেছি। বর্তমানে তিনি কোথায় আছেন, তা আমাদের জানা নেই।’সোহেল রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাভারের সাবেক পৌর মেয়র আশরাফ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, রানা সাভারে সন্ত্রাসী হিসেবে পরিচিত। সাংসদ তৌহিদ জং মুরাদ তাঁর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে রানা ও তাঁর বাহিনীকে ব্যবহার করেন।রানা স্থানীয়ভাবে বেশ প্রভাবশালী। গত মঙ্গলবার সকালে ওই ভবনের তৃতীয় তলায় ফাটল দেখা দিলেও তিনি তা আমলে নেননি; বরং গতকাল সকালে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের বিরুদ্ধে মিছিল করার জন্য ব্যস্ত ছিলেন তিনি। সকালে সেখানে লোকজন জড়ো করেন মিছিলের জন্য। রানা প্লাজার নিচতলায় তাঁর একটি ব্যক্তিগত কার্যালয় ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি ধসে পড়ার সময় তিনি সেখানেই ছিলেন, আহতও হন। পরে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।