সোহেল রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজার মালিক সোহেল রানাকে অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে তাঁর বাড়ির সামনে আজ শুক্রবার বিকেলের দিকে বিক্ষোভ মিছিল করেছে কয়েক শ মানুষ। সাভার বাজার রোডে তারা জড়ো হয়ে বিক্ষোভ করে। ধসে যাওয়া ভবন ‘রানা প্লাজা’র মালিক যুবলীগের নেতা সোহেল রানার বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তারের কোনো চেষ্টা নেই। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও পুলিশ তাঁকে আসামি করে সাভার মডেল থানায় দুটি মামলা করেছে।রাজউকের মামলায় রানা একাই আসামি। আর পুলিশের মামলায় রানা ছাড়াও তাঁর বাবা আবদুল খালেক, ধসে পড়া ভবনের পোশাক কারখানার মালিক আমিনুল ইসলাম, আনিসুজ্জামান, বজলুস সামাদ আদনানসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।জানা গেছে, স্থানীয় রাজনীতিতে সোহেল রানার গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা না থাকলেও তরতর করে বনে যান রাজনীতিবিদ। সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের সাহচর্যে হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। একপর্যায়ে তাঁকে দেওয়া হয় পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ। হরতালবিরোধী মিছিল, সাংসদের জনসভা, সরকারি সম্পদের ইজারা—এসব কাজে তাঁর একচ্ছত্র আধিপত্য। জমি ব্যবসার নামে নিরীহ লোকজনের জমি দখলের অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। গত বুধবার ভবনধসের আগেও হরতালবিরোধী মিছিল করার জন্য লোক জড়ো করেছিলেন রানা।রানার সম্পদ:সাভার পৌরসভা সূত্র জানিয়েছে, ‘রানা প্লাজা’র নির্মাণ শুরু হয় ২০০৭ সালে। এর আগে জায়গাটি ছিল পরিত্যক্ত। পেছনের দিকে ছিল জলাশয়। ভবন নির্মাণ করার আগে বালু ফেলে ভরাট করা হয়। এর উদ্বোধন হয় ২০১০ সালে। ভবনের পেছনের অংশ রানা দখল করেছিলেন বলে অভিযোগ রয়েছে। সাভার পরিবেশ উন্নয়ন পরিষদের সহসভাপতি রফিকুল ইসলাম মোল্লা প্রথম আলো ডটকমকে বলেন, রানা প্লাজার পেছনের অংশ সরকারি খাল হিসেবেই দেখেছেন তিনি। নাম ছিল সাধাপুর খাল। এটি দখল করে ভবন নির্মাণ করেন রানা। এ ছাড়া সাভার বাজার রোডে রানার রয়েছে আটতলা ভবন ‘রানা টাওয়ার’। এটির একটি পিলারে ফাটল দেখা দেওয়ায় গতকাল বৃহস্পতিবার ভবনটি বন্ধ করে দেয় প্রশাসন। আটতলার ওপরে এখনো নির্মাণকাজ চলছে। তবে ইতিমধ্যে পার্কিং থেকে তিনতলা পর্যন্ত ভাড়া দেওয়া হয়েছে। রানা টাওয়ারের পাশেই তাঁদের ছয়তলা বাসভবন রয়েছে। ধামরাইয়ের কালামপুরে রানার পরিবারের একটি ইটভাটা আছে।