সোহেল রানাসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় রানা প্লাজার মালিক সোহেল রানাসহ তিনজনের বিরুদ্ধে গতকাল রোববার আদালতে হত্যা মামলা হয়েছে। ভবনধসে নিহত পোশাকশ্রমিক জাহাঙ্গীর আলমের স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে এ মামলা করেন।ঢাকার বিচারিক হাকিম ওয়াসিম শেখ বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং পুলিশের করা মামলার সঙ্গে একত্রে এটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মামলার অপর দুই আসামি হলেন নিউ ওয়েভ স্টাইল গার্মেন্টসের মালিক বজলুল আদনান ও সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইমতেমাম হোসেন।মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ২৩ এপ্রিল রানা প্লাজায় ফাটল দেখা দিলে ওই দিন শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং তড়িঘড়ি নামতে গিয়ে অনেক শ্রমিক আহত হন। সেদিন সোহেল রানা ও তৈরি পোশাক কারখানার মালিকেরা সাংবাদিকদের জানান, এ ফাটল কিছুই নয়। ২৪ এপ্রিল সোহেল রানা শ্রমিকদের হুমকি দেন, শ্রমিকেরা কাজে যোগ না দিলে তাঁদের বেতন দেওয়া হবে না। যে কারণে বাধ্য হয়ে বাদীর স্বামী জাহাঙ্গীর আলমসহ অপর শ্রমিকেরা কাজে যোগ দেন।আরজিতে আরও উল্লেখ করা হয়, বাদীর স্বামী ও অন্য শ্রমিকদের বকেয়া বেতন যাতে আর না দিতে হয়, সে জন্য পূর্বপরিকল্পনা করে ভবনে ঢুকিয়ে তাঁদের হত্যা করেন আসামিরা। সোহেল রানাসহ অপর আসামিরা জানতেন, শ্রমিকেরা কাজে যোগ দিলে নিশ্চিত মৃত্যু হতে পারে। তার পরও শ্রমিকদের মৃত্যুর কোলে ঠেলে দিয়ে আসামিরা দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অপরাধ করেছেন।রানা প্লাজা ধসের ঘটনায় গতকাল পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৬ জন।ভবনধসের ঘটনায় পুলিশ বাদী হয়ে প্রথমে দণ্ডবিধির ৩০৪/ক ধারায় মামলা করে। পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে দণ্ডবিধির ৩০৪ ধারা ওই মামলায় যোগ করার নির্দেশ দেন আদালত। সোহেল রানাসহ কয়েকজনের বিরুদ্ধে ইমারত আইনেও একটি মামলা হয়েছে। এ দুই মামলায় ইতিমধ্যে সোহেল রানার ১৫ দিন, বজলুল আদনানের ১২ দিন এবং ইমতেমাম হোসেনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।