সোহ্রাওয়ার্দী উদ্যানে ‘বাংলাদেশের হূদয় হতে’
বিজয়ের ৪০ বছর উদ্যাপন উপলক্ষে সোহ্রাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ প্লাজায় আয়োজন করা হয়েছে শব্দালোক প্রদর্শনী (লাইট অ্যান্ড সাউন্ড শো) ‘বাংলাদেশের হূদয় হতে’। এই আয়োজনের মূল ভাবনা ও নির্দেশনা দিয়েছেন নাসিরুল হক। তিনি বলেন, ‘আলো, শব্দ, ইমেজ ও কোরিওগ্রাফির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের সামনে মূর্ত করে তোলার প্রয়াস হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ আজ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটা ও রাত আটটায় বাংলাদেশের হূদয় হতের দুটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।নাসিরুল হক আরও জানান, বিজয়ের ৪০ বছর উদ্যাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত সাড়ে আটটায় সোহ্রাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ প্লাজায় আতশবাজি উৎসবের আয়োজন করা হয়েছে। এ বছর ২৫ থেকে ২৭ মার্চ সোহ্রাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ প্লাজায় নাসিরুল হক বাংলাদেশের হূদয় হতে নামে আরও একটি শব্দালোক প্রদর্শনীর আয়োজন করেন। তিনি বলেন, ‘ওই শব্দালোক প্রদর্শনীতে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণকে প্রাধান্য দিয়েছিলাম। এবার মুক্তিযুদ্ধের ইতিহাসের ওপর বেশি জোর দিয়েছি। আমরা পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বাংলাদেশের হূদয় হতে নামে আরও কয়েকটি শব্দালোক প্রদর্শনীর আয়োজন করব।’ এই শব্দালোক প্রদর্শনীর পাণ্ডুলিপি তৈরি করেছেন সোহেল আনোয়ার, যৌথভাবে আলোক নির্দেশনা দিয়েছেন নাসিরুল হক ও জুনায়েদ ইউসুফ, শব্দ তৈরি করেছেন আহসান রেজা, গ্রাফিক্স ডিজাইনে নূর উদ্দিন ও কোরিওগ্রাফি নির্দেশনা দিয়েছেন মো. রাফি সুমন।আজ ১৪ ডিসেম্বর অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এই উৎসবের আয়োজন করেছে গৌরবের প্রান্তর ও ক্রিয়েশনস আনলিমিটেড। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।