সোয়া কিলোমিটার রাস্তা তিন বছরেও মেরামত হলো না!
ঘূর্ণিঝড় সিডর ও আইলায় বরগুনা শহরের উত্তরপাড় লাকুরতলা সেতু থেকে খাজুরতলা পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত সোয়া কিলোমিটার রাস্তা সম্পূর্ণ বিধ্বস্ত হয়। গত তিন বছরেও তা মেরামত করা হয়নি। বরগুনা সদর, বামনা ও বেতাগী উপজেলার মধ্যে সড়ক যোগাযোগের মাধ্যম এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।সরেজমিনে দেখা গেছে, রাস্তাটির দুই পাশ ভেঙে সরু হয়ে গেছে। মাঝখানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এই রাস্তা দিয়ে যাত্রীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। রাস্তার দৈর্ঘ্য সোয়া কিলোমিটার হলেও এর গুরুত্ব অনেক। জনগুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে দিনরাত বিভিন্ন যানবাহনে করে হাজার হাজার যাত্রী চলাচল করে। রাস্তাটি ফুলঝুড়ি, গৌরীচন্না, বাওয়ালকর, বদরখালী, বামনা, বেতাগী উপজেলাসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।স্থানীয় বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় সিডরের তিন বছর ও আইলার দুই বছর অতিবাহিত হলেও এলজিইডি কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অহরহ দুর্ঘটনা ঘটছে।খাজুরতলা মুক্তিযোদ্ধা পল্লির বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘আমরা বারবার এলজিইডি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, কিন্তু তিন বছরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।’রিকশাচালক আলী হোসেন সোহরাব বলেন, ‘এই রাস্তায় রিকশা চালাইলে জানে পানি থাহে না। রাইতে গা ব্যথায় ঘুমাইতে পারি না।’টেম্পোচালক মাসুদ বলেন, ‘এই রাস্তায় যহন আই তহন দোয়া-দরুদ পড়ি। যাত্রীগো ও নিজের জীবন নিয়া কেমন ভয় লাগে। ভয়ে হাত কাঁপে। কী করমু, প্যাটের দায়ে এমন ঝুঁকি নিয়া গাড়ি চালাই।’এলজিইডি বরগুনার সহকারী প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, ‘রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় রাস্তাটির দুরবস্থার কথা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। কিন্তু অর্থ বরাদ্দ না করায় আমরা রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিতে পারছি না। আশা করি, শিগগিরই নতুন করে অর্থ বরাদ্দ পাওয়া যাবে, তখন অগ্রাধিকারের ভিত্তিতে রাস্তাটি সংস্কারে ব্যবস্থা নেব।’