সোয়া কোটি টাকা খরচে বাংলাদেশ নিয়ে ক্রোড়পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে বিলেতি পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য টাইমস-এর ১৯ ডিসেম্বর সংখ্যায় প্রায় সোয়া কোটি টাকা খরচ করে ১২ পৃষ্ঠার এ ক্রোড়পত্র প্রকাশিত হবে। লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার এম সাইদুর রহমান খান গতকাল শনিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোর কাছে খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মূলত বাংলাদেশের ৪০ বছরের অর্জন, গণতন্ত্রের অভিযাত্রা —এসব বিষয় প্রতিপাদ্য করা হয়েছে প্রকাশিতব্য ক্রোড়পত্রে। কত টাকা খরচে ক্রোড়পত্র ছাপা হচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, ‘পুরো কাজটি পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা থেকে সমন্বয় করেছে। কাজেই এ বিষয়টি মন্ত্রণালয় ভালো বলতে পারবে।’ হাইকমিশনার বলেন, ব্রিটিশ দৈনিকটি প্রতিদিন প্রায় ১৮ লাখ কপি ছেপে থাকে। জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনু বিভাগের মহাপরিচালক শামীম আহসান বলেন, ক্রোড়পত্র প্রকাশের জন্য ব্রিটিশ দৈনিকটিকে দেড় লাখ ডলার সমপরিমাণ প্রায় সোয়া কোটি টাকা দেওয়া হয়েছে। তবে পত্রিকাটি জানিয়েছে, এটি তাদের খরচের এক-তৃতীয়াংশ। বাকি টাকা তারা বিজ্ঞাপন থেকে আয় করবে, এমন ধারণা দিয়েছে। শামীম আহসান আরও বলেন, ক্রোড়পত্র প্রকাশের প্রস্তুতির অংশ হিসেবে দ্য টাইমস-এর একটি প্রতিনিধিদল দুই মাস আগে বাংলাদেশ সফর করে। তিনি বলেন, ক্রোড়পত্রটি হবে ১২ পৃষ্ঠার। এতে বাংলাদেশের ৪০ বছরের অর্জন বিশেষ করে গণতন্ত্রের অগ্রযাত্রা, সরকারি-বেসরকারি বিভিন্ন খাতের অর্জন, ডিজিটাল বাংলাদেশ, বিনিয়োগ সম্ভাবনা, পর্যটনের বিকাশসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের বর্তমান চিত্র তুলে ধরা হবে। এ ছাড়া এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সাক্ষাৎকার প্রকাশিত হবে।