সোয়াতে আবার তালেবানের দাপট!
পাকিস্তানি তালেবান আবার সে দেশের সোয়াত উপত্যকায় ফিরে এসেছে এবং তাদের দাপট প্রতিষ্ঠা করছে। গত বছর পাকিস্তান সেনাবাহিনী তালেবানকে পুরোপুরি হটিয়ে সেখানে কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত করার ঘোষণা দিয়েছিল। গতকাল বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে। পাকিস্তান সেনাবাহিনী বলেছিল, ২০০৯ সালে তালেবানবিরোধী অপারেশন চালানোর পর থেকে সোয়াত উপত্যকা জঙ্গি মুক্ত। গতকাল পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তালেবান আক্রমণে গত ১০ দিনে তিনজন নিহত হয়েছে। তবে একজন স্থানীয় সাংবাদিক জানিয়েছেন, গত ১৫ দিনে সাতজন নিহত হয়েছে। তালেবান জঙ্গিরা পর্যটনের জন্য বিখ্যাত সোয়াত উপত্যকায় ২০০৭ সালের দিকে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ২০০৯ সালে তারা উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে প্রভাব বিস্তার শুরু করলে সেনাবাহিনী তাদের কঠোরভাবে দমন করে। সোয়াতে সেনাবাহিনীর প্রধান জনসংযোগ কর্মকর্তা কর্নেল আখতার আব্বাস বিবিসিকে জানান, সেখানে হত্যাকাণ্ড চালানোর তিনটি ঘটনা ঘটেছিল। কিন্তু ঘটনাগুলো এটা প্রমাণ করে না যে তালেবান আবারও সোয়াত উপত্যকায় সংগঠিত হয়ে ফিরে আসবে।