সোয়াতের নারীদের জীবনে পরিবর্তনের ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রশাসনিক জেলা সোয়াত। তালেবান শাসনের পর আফগান-পাকিস্তান সীমান্তের কাছের এ সোয়াত উপত্যকার নারীদের জীবনে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। ২০০৯ সালে সেনাবাহিনীর হাতে তালেবান জঙ্গিরা উত্খাত হওয়ার পর থেকে কীভাবে নিজেদের জীবনে পরিবর্তন আসতে শুরু করল, সোয়াতের নারীরা সে কথাই জানিয়েছেন বিবিসিকে। সোয়াতের প্রথম নারী আইনজীবী মালালাই ইউসুফজাই বলেন, তালেবান জঙ্গিদের উপস্থিতির আগে সোয়াতের নারীদের জীবনযাপন স্বাভাবিক ছিল। তারা এখানকার শান্তি বিনষ্ট করেছে। তারা বহু নিরপরাধ মানুষকে হত্যা করেছে। তাদের হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল স্কুল। বিশেষ করে স্কুলছাত্রীরা। চার শতাধিক স্কুলছাত্রীকে হত্যা ও ৫০ হাজারের বেশি শিক্ষার্থী তাদের ভোগান্তির শিকার হয়। তিনি বলেন, ‘আমরা শঙ্কিত থাকতাম তালেবান জঙ্গিরা আমাদের এসিড নিক্ষেপ অথবা অপহরণ করতে পারে। তারা এতই নিষ্ঠুর ছিল যেকোনো কিছু করতে পারে।’ মালালাই ইউসুফজাই বলেন, ‘সোয়াতের চিত্র পাল্টে গেছে। এখন আমাদের বোরকা পরতে হয় না। সহজেই বাজারে যেতে পারি।’ তিনি আরও বলেন, ‘আমার মা বাজারে যান। কিন্তু একদিন তালেবানরা তাঁকে বললেন কেন আপনি বাজারে এসেছেন, আমরা আপনাকে বোরকা পরতে বলেছি, তা পরেননি কেন? তারা মাকে আরও বলেন তিনি যেন আর বাজারে না আসেন।’ইউসুফজাই বলেন, ‘তালেবান জঙ্গিরা মেয়েদের বিশেষ ধরনের বোরকা পরতে বাধ্য করত। এসব বোরকা পরলে শুধু চোখ দুটি বের করা যেত। কিন্তু এখন আমাদের তা পড়তে হয় না।’ তালেবানের বিরুদ্ধে যুদ্ধের সময় এলএলবির প্রথম বর্ষের ছাত্রী ছিলেন সামিয়া আনোয়ার। তিনি বলেন, ‘সত্যিই তখন কঠিন সময় ছিল। প্রশাসন জানিয়ে দিল সংঘর্ষের কারণে আমাদের পরীক্ষার সময় পরিবর্তিত হতে পারে। কিন্তু দ্বিতীয় বর্ষের শুরুতে বলা হলো কোনো নারী ক্লাস করতে পারবে না। শুধু পুরুষই ক্লাস করতে পারবে। তখন আমার মনোবল ভেঙে পড়ে।’সামিয়া বলেন, ‘আমি যখন আইনজীবীদের বারে যোগদান করলাম তখন আমার কোনো নারী সহকর্মী ছিল না। বাধ্য হয়েই সব পুরুষ কর্মীর সঙ্গে কাজ করতে হতো। আমার কোনো আলাদা কক্ষ ছিল না। আমাকে পুরুষদের টয়লেট ব্যবহার করতে হতো। এখন সোয়াতে শান্তি ফিরে এসেছে। এখানে কোনো সন্ত্রাসী বা জঙ্গি নেই। আমরা স্বাধীনভাবে আমাদের কাজ করতে পারছি।’সামিয়া বলেন, আগে কোনো নারী বা পুরুষ অনৈসলামিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে মনে হলে তালেবান জঙ্গিরা তাঁকে হত্যা করে রাস্তায় লাশ ফেলে রাখত। জঙ্গিরা কয়েক শ স্কুলছাত্রীর জীবন ধ্বংস করেছে।