মানবতাবিরোধী অপরাধের বিচার
সৌদি আরব ও বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘কাণ্ডজ্ঞানহীন’: বিএনপি
মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিএনপি সৌদি আরবকে দিয়ে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ আখ্যা দিয়েছে দলটি। বিএনপির আশঙ্কা, এর ফলে সৌদি আরবে কর্মরত ২০ লাখ বাংলাদেশি শ্রমিকের ভবিষ্যত্ অনিশ্চিত হয়ে পড়বে। দুদেশের সম্পর্কও টানাপড়েনে পড়তে পারে। আজ বুধবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে এসব কথা বলা হয়।সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গত সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য একেবারেই দায়িত্বজ্ঞানহীন। সৌদি আরব বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম রাষ্ট্র। সে দেশকে জড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর আগে ভাবা উচিত ছিল বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। ওই দেশটির সঙ্গে এদেশের লাখ লাখ মানুষের ভাগ্য জড়িত।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য জাতি আশা করে না। এই বক্তব্য দেশ ও জাতির জন্য ক্ষতিকর। তাই বিএনপি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’