সৌদি আরবে আট বাংলাদেশির শিরশ্ছেদ: হাইকোর্টে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে আট বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনায় হাইকোর্টে রিট করা হয়েছে। কাল বুধবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ। ভবিষ্যতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের যেকোনো ধরনের সমস্যার কার্যকর সাহায্য ও আইনগত সহায়তা দিতে দূতাবাসগুলোর প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।সৌদি আরবের ওই আট বাংলাদেশির পর্যাপ্ত সাহায্য ও আইনগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনটি করা হয়। রিট আবেদনে পররাষ্ট্রসচিব, বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্যবিষয়ক মহাপরিচালক, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও লেবার কাউন্সিলকে বিবাদী করা হয়েছে।রিট আবেদনে আট বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে প্রতিবেদন দাখিল করতে পররাষ্ট্র ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথাও বলা হয়েছে।এ ছাড়া সৌদি আরবে বাংলাদেশি রাষ্ট্রদূত ওই ঘটনায় কী কী পদক্ষেপ নিয়েছিলেন, সে-সংক্রান্ত প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে দাখিলেরও নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আজ রিট আবেদনটি দায়ের করা হয়েছে। তিনটি নির্দেশনাসহ রুল জারির আরজিও জানানো হয়েছে রিটে।