সৌদি আরবে আটক ৫০০ বাংলাদেশি ফিরিয়ে আনতে কেন নির্দেশ নয়
সৌদি আরবের দাম্মাম জেলখানায় আটক ৫০০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁদের দেশে ফিরিয়ে আনতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে।আজ সোমবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। পররাষ্ট্র ও স্বরাষ্ট্রসচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।১৩ অক্টোবর ‘সৌদি আরবের দাম্মাম জেলে পাঁচ শতাধিক বাংলাদেশি ধুঁকছে’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। তাঁদের দেশে ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে আইন ও সালিশ কেন্দ্র (আসক) গতকাল রোববার রিট আবেদনটি করে। আজ আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।আদালতে আবেদনের মামলা পরিচালনা করেন আইনজীবী সাইফুর রশিদ ও অবন্তী নূরুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।ওই প্রতিবেদনে জানা যায়, দাম্মাম জেলখানায় দুটি সেলে যথাক্রমে ২২০ ও ৩০০ জন বাংলাদেশি বিভিন্ন মেয়াদে আটক রয়েছে। তাঁদের মধ্যে অনেকেই নানা রকম জটিল রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কারাবন্দীদের এই করুণ অবস্থায় সৌদি আরবের বাংলাদেশ মিশন কর্মকর্তাদের কাছ দেশে ফেরার অনুমোদনপত্র হিসেবে ‘আউট পাস’ চাইলেও কর্মকর্তাদের কাছে সেই আন্তরিক সাড়া পাওয়া যায়নি।