সৌদি আরবে কাল থেকে পবিত্র রমজান
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে কাল বুধবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। গতকাল সোমবার সৌদি আরবের ইংরেজি সংবাদপত্র আরব নিউজের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বাংলাদেশে আজ মঙ্গলবার চাঁদ দেখা গেলে কাল থেকে রমজান মাস শুরু হবে। এ কারণে সূর্য অস্ত যাওয়ার পর থেকে ধর্মপ্রাণ মুসলমানদের দৃষ্টি থাকবে আকাশের দিকে। চাঁদ দেখার খবর পেলে শুরু হবে তারাবির নামাজের প্রস্তুতি।মাহে রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আজ মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মিলনায়তনে সভা ডাকা হয়েছে। এতে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়াসহ চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। ইসলামিক ফাউন্ডেশন গতকাল এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে খবর দিতে অনুরোধ করেছে।সৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, গতকাল সোমবার কোথাও চাঁদ দেখা যায়নি। তাই আজ মঙ্গলবার শাবান মাসের শেষ দিন। কাল বুধবার ১০ জুলাই থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। মিসর, ফিলিস্তিন, জর্ডান, কুয়েত, কাতার, ওমান, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এসব দেশেও কাল থেকে পবিত্র রমজান শুরু হবে।