সৌদি আরবে গেল লাদেনের পরিবার (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের তিন স্ত্রী ও তাঁদের ১১ সন্তানকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে সৌদি আরবে পাঠানো হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ শুক্রবার ভোরে বিশেষ একটি বিমানে করে তাঁদের সৌদি আরবে পাঠানো হয়।পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। গত বছর ২ মে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাবোটাবাদ শহরে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী পরিচালিত একটি গোপন অভিযানে আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হন। এরপর থেকে লাদেনের ওই বাড়ি এবং তাঁর স্ত্রী-সন্তানদের হেফাজতে নেয় পাকিস্তান।এদিকে, অবৈধভাবে পাকিস্তানে বসবাসের অভিযোগ এনে চলতি মাসের প্রথম দিকে বিন লাদেনের তিন স্ত্রী ও বড় দুই সন্তানকে ৪৫ দিনের কারাদণ্ড দেয় আদালত। এ ছাড়া কারাবাস শেষে পাকিস্তান ছাড়ারও নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, ইসলামাবাদের একটি সাব-জেলে তাঁদের রাখা হয়েছিল। গত সপ্তাহেই তাঁদের কারাবাসের অবসান ঘটে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আদালতের আদেশে বিন লাদেনের পরিবারের ১৪ সদস্যকে দেশের বাইরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের ইচ্ছে অনুযায়ী আজ ভোরে তাঁদেরকে সৌদি আরবে পাঠানো হয়েছে।