সৌদি আরবে বাংলাদেশি পাসপোর্ট জালিয়াতি চক্রের নেতা গ্রেপ্তার
বাংলাদেশি পাসপোর্ট জালিয়াতি চক্রের নেতা মুজিবকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। মুজিব দূতাবাসের কিছু কর্মচারীর সহায়তায় রোহিঙ্গাদের কাছ থেকে অর্থ নিয়ে তাদের বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে দিতেন। জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল গোলাম সারোয়ার আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সৌদি পুলিশ বুধবার মুজিবকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে রোহিঙ্গাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগ আছে। দূতাবাস অনেকে দিন ধরেই এ চক্রটি ভাঙার চেষ্টা করছে।২৬ জানুয়ারি সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের সংগঠন জেদ্দা ও মক্কা সমিতি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির কাছে ফ্যাক্সের মাধ্যমে একটি স্মারকলিপি পাঠায়। দুই পৃষ্ঠার এ স্মারকলিপিতে দূতাবাসে দ্রুত দালালদের দৌরাত্ম্য বন্ধের দাবি জানানো হয়। এতে বলা হয়, গলাকাটা পাসপোর্ট নিয়ে সৌদিতে এসে রোহিঙ্গাদের একটি বড় অংশ দালালদের সহায়তায় বাংলাদেশি পাসপোর্ট তুলে নিচ্ছে। এ চক্রের প্রধান হোতা মুজিব।সৌদিতে পাসপোর্ট জালিয়াতি নিয়ে ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোর মূল শিরোনাম হয়। এর পরই ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ জালিয়াত চক্রকে গ্রেপ্তারের জন্য সৌদি সরকারকে অনুরোধ জানায়।