সৌদি আরবে বাংলাদেশি পাসপোর্ট জালিয়াতি চক্রের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি পাসপোর্ট জালিয়াতি চক্রের নেতা মুজিবকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের পুলিশ। অভিযোগ রয়েছে, দূতাবাসের কিছু কর্মচারীর সহায়তায় রোহিঙ্গাদের কাছ থেকে অর্থ নিয়ে তাদের বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে দিতেন মুজিব।জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল গোলাম সারোয়ার গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সৌদি পুলিশ গত বুধবার মুজিবকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে রোহিঙ্গাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের সংগঠন জেদ্দা ও মক্কা সমিতি গত ২৬ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির কাছে ফ্যাক্সের মাধ্যমে একটি স্মারকলিপি পাঠায়। দুই পৃষ্ঠার ওই স্মারকলিপিতে দূতাবাসে দালালদের দৌরাত্ম্য দ্রুত বন্ধের দাবি জানানো হয়। এতে বলা হয়, গলাকাটা পাসপোর্ট নিয়ে সৌদি আরবে এসে রোহিঙ্গাদের একটি বড় অংশ দালালদের সহায়তায় বাংলাদেশি পাসপোর্ট তুলে নিচ্ছে। এ চক্রের প্রধান হোতা মুজিব। ‘সৌদিতে ৫০ হাজার রোহিঙ্গার হাতে বাংলাদেশি পাসপোর্ট’ শিরোনামে গত ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোর প্রধান প্রতিবেদন ছাপা হয়। এর পরই ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ জালিয়াত চক্রকে গ্রেপ্তারের জন্য সৌদি সরকারকে অনুরোধ জানায়।