সৌদি আরবে মিসরীয় আইনজীবীর কারাদণ্ড ও বেত্রাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের আদালত আজ মঙ্গলবার এক মিসরীয় মানবাধিকার আইনজীবীকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৩০০ বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন।দণ্ডপ্রাপ্ত আহমেদ আল-গিজাবির আইনজীবীর বরাত দিয়ে বিবিসি জানায়, মাদক পাচারের সঙ্গে জড়িত থাকায় গিজাবিকে কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় সৌদি আরব ও মিসরের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক টানাপোড়েন চলছে।গত বছরের এপ্রিলে মাদক বহনের দায়ে গিজাবিকে আটক করে সৌদি পুলিশ। তবে তাঁর পরিবার বলছে, তিনি মাদক নয় বরং দুশ্চিন্তা কমানোর ওষুধ বহন করছিলেন।গিজাবিকে গ্রেপ্তারের প্রতিবাদে মিসরে ব্যাপক জনবিক্ষোভ শুরু হয়। প্রতিক্রিয়া হিসেবে সৌদি আরব সে দেশে নিযুক্ত মিসরীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। ১৯৭৯ সালের পর মিসরের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছায়। ১৯৭৯ সালে মিসর ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করলে সৌদি আরব মিসরের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।মিসরীয়রা বলছে, সৌদি আরবের কারাগারে মিসরীয় নাগরিকদের সঙ্গে যে ধরনের দুর্ব্যবহার করা করা হয়, তা নিয়ে অভিযোগ করেছিলেন গিজাবি। এরপরই গিজাবিকে আটক করে সৌদি পুলিশ। গিজাবির পরিবার বলছে, তিনি হজ করতে সৌদি আরবে গিয়েছিলেন।তবে, সৌদি আরব জানায়, গিজাবি তাঁর ব্যাগে প্রায় ২০ হাজার দুশ্চিন্তা কমানোর ওষুধ বহন করছিলেন। তাই বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে আটক করে। সৌদি পুলিশের ধারণা, গিজাবি হজ করতে সে দেশে যাননি। কারণ তিনি সে সময় অন্য হাজিদের মতো সাদা পোশাক পরা অবস্থায় ছিলেন না।