সৌদি আরবে সিআইএর গোপন ড্রোন ঘাঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) দুই বছর ধরে সৌদি আরবে মানববিহীন বিমানের (ড্রোন) একটি গোপন ঘাঁটি পরিচালনা করছে। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইয়েমেনভিত্তিক আরব উপদ্বীপের আল-কায়েদার জঙ্গিদের দমনে সিআইএ এই ড্রোন ঘাঁটি স্থাপন ও পরিচালনা করছে বলে খবরে দাবি করা হয়েছে। ২০১১ সালের সেপ্টেম্বরে মার্কিন ড্রোন হামলায় মার্কিন বংশোদ্ভূত আরব উপদ্বীপের আল কায়েদার বহির্বিশ্বে অভিযান শাখার প্রধান আনোয়ার আল-আওলাকি নিহত হন। আওলাকিকে হত্যায় সৌদি আরবে অবস্থিত ওই ড্রোন ঘাঁটি ব্যবহার করেছিল সিআইএ। তখন থেকে মার্কিন গণমাধ্যমগুলো ওই ড্রোন ঘাঁটি সম্পর্কে জানলেও তারা এত দিন এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, বিষয়টি প্রকাশ পেলে আরব উপদ্বীপের আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে তাদের অভিযান দুর্বল হয়ে যেত। এ ছাড়া এতে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যৌথ সহযোগিতার দিকটিও ক্ষতিগ্রস্ত হতো। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের গোপন ড্রোন ঘাঁটির অবস্থান সম্পর্কে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে কিছুই জানানো হয়নি। এ প্রতিবেদনের ব্যাপারে সৌদি সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের ডিসেম্বরে ইয়েমেনে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলা চালানোর পর ড্রোন ঘাঁটিটি তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। মার্কিন কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, আওলাকিকে হত্যায় সিআইএ প্রথমবারের মতো ওই ঘাঁটি ব্যবহার করে। এর পর থেকে ইয়েমেনের বড় মাপের জঙ্গিদের দমনে নিয়মিতভাবে ওই ড্রোন ঘাঁটি ব্যবহার করে আসছে।