সৌদি কর্মকর্তাকে খুন করেছে ছিনতাইকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি রিভলবার উদ্ধারের সূত্র ধরে সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যারহস্য উদ্ঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবি কর্মকর্তাদের দাবি, খালাফ ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন। হত্যাকারী সন্দেহে চার পেশাদার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইকারীদের ব্যবহার করা গাড়িটি উদ্ধারেরও দাবি করেছেন তাঁরা। তবে হত্যাকাণ্ডটি কীভাবে ঘটল, কে গুলি করল, খুনিরা কীভাবে পালিয়ে গেল—এ ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি ডিবির কর্মকর্তারা।খালাফ হত্যাকাণ্ড নিয়ে গতকাল বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির কর্মকর্তারা দাবি করেন, অন্য মামলায় গ্রেপ্তার হওয়া চারজনের কাছ থেকে উদ্ধার করা একটি বিদেশি রিভলবার এবং নিহত খালাফের শরীরে পাওয়া গুলি (পিলেট) পরীক্ষা করা হয়েছে। এতে তাঁরা নিশ্চিত হয়েছেন, ওই রিভলবার দিয়েই খালাফকে গুলি করা হয়েছিল। তবে গ্রেপ্তার করা চারজনের সঙ্গে গণমাধ্যমকর্মীরা কথা বলতে পারেননি। সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার (উত্তর) মোল্লা নজরুল ইসলাম দাবি করেন, গত ৪ জুন রাজধানীর দক্ষিণখান থানার উত্তর গাওয়াইর এলাকা থেকে সাইফুল ইসলাম ওরফে মামুন (২৪), আল-আমিন (২৫) এবং আকবর আলী ওরফে লালু ওরফে রনিকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় জার্মানির তৈরি একটি আরমিনিয়স রিভলবার। পয়েন্ট ২২ (টুটু) বোরের রিভলবারটি আট চেম্বারবিশিষ্ট। এটি লাইসেন্স করা। এর মূল মালিক জনৈক আবুল হোসেন। গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে খিলক্ষেত এলাকায় আবুল হোসেনের বাসায় ডাকাতি করতে গিয়ে রিভলবারটি লুট করে দুর্বৃত্তরা। ওই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনের সঙ্গে রফিকুল ইসলাম ওরফে খোকন (৩০) নামের আরেকজন পেশাদার অপরাধীও ছিলেন। গত ১২ জুন রফিকুলকেও গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রফিকুলের তথ্যানুযায়ী, গত মঙ্গলবার মানিকদী এলাকা থেকে ছাই রঙের একটি নিশান সানি গাড়ি উদ্ধার করা হয়। খালাফ হত্যার পর কয়েকজন রাস্তায় সাদা রঙের একটি গাড়ির উপস্থিতির কথা বলেছিলেন। পুলিশ দাবি করেছে, এই গাড়িটিই খালাফ হত্যাকাণ্ডস্থলে দেখেছেন কয়েকজন। পুলিশের দাবি, আলো-আঁধারিতে ছাই রঙের গাড়িটিকেই লোকজন সাদা মনে করেছিলেন।পুলিশের যুক্তি: পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিস্ফোরক বিশারদদের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে, উদ্ধার করা রিভলবার দিয়েই খালাফের শরীরে পাওয়া গুলিটি ছোড়া হয়েছিল। তাঁদের বক্তব্য, কোনো অস্ত্র থেকে গুলি ছোড়ার পর তা ঘুরতে ঘুরতে নলের ভেতর থেকে ছিটকে বেরিয়ে যায়। এই ঘূর্ণনের (রাইফেলিং) ফলে নলের ভেতরের কাঠামো অনুযায়ী দাগ পড়ে। ইউরোপ আমেরিকায় তৈরি উন্নত অস্ত্রগুলোর ক্ষেত্রে এই দাগ হয় অন্য রকম, অর্থাৎ একটি অস্ত্রে ছোড়া গুলির দাগের সঙ্গে অন্য অস্ত্রের গুলির দাগের মিল থাকে না। তবে দেশি বা কম দামের অস্ত্রের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটতে পারে।ডিবির কর্মকর্তারা বলেন, সিআইডির বিশারদেরা উদ্ধার হওয়া রিভলবার থেকে পরীক্ষামূলক আরও চারটি গুলি করেন। সেই গুলির অংশ ও খালাফের শরীরে পাওয়া অংশ নিয়ে তাঁরা অণুবীক্ষণযন্ত্রে পরীক্ষা করে এগুলোর মধ্যে মিল পান বলে প্রতিবেদন দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির সহকারী কমিশনার ওবায়দুল হক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ নিশ্চিত যে ওই অস্ত্র দিয়েই খালাফকে গুলি করা হয়েছে। কিন্তু চারজনের মধ্যে কে করেছে, তা নিশ্চিত নয়। এই চারজন গুলির দায় একজন আরেকজনের ওপর চাপাচ্ছেন। তবে চারজনই বলেছেন, গত বছরের নভেম্বর থেকে গ্রেপ্তারের আগ পর্যন্ত রিভলবারটি তাঁদের সঙ্গেই ছিল। এঁরা চারজন একসঙ্গে বিভিন্ন ছিনতাই ও ডাকাতি করতেন।মেলেনি অনেক প্রশ্নের জবাব: সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের বাইরে বেশির ভাগ প্রশ্নের জবাব দিতে পারেননি ডিবির কর্মকর্তারা। সাংবাদিকেরা জানতে চান, গ্রেপ্তার চারজনের মধ্যে কে গুলি করেছিলেন, কীভাবে ঘটনাটা ঘটল, ঘটনার সময় কয়জন ছিলেন, কীভাবে তাঁরা পালালেন ইত্যাদি। তবে এসব প্রশ্নের জবাবে কর্মকর্তারা বলেছেন, গতকাল থেকে তাঁদের আট দিনের হেফাজতে (রিমান্ডে) নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। বিভিন্ন প্রশ্নের জবাবে কর্মকর্তারা ‘সম্ভবত’, ‘মনে হচ্ছে’ ইত্যাদি শব্দ ব্যবহার করেন। কীভাবে এ ঘটনা ঘটল জানতে চাইলে উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, ‘ওই চারজন পেশাদার ছিনতাইকারী ও ডাকাত। তাঁরা প্রায়ই গুলশান-বনানী এলাকায় ছিনতাইয়ের জন্য গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেন। ওই রাতে সম্ভবত তাঁরা খালাফকে ছিনতাইয়ের চেষ্টা করেন। তখন সম্ভবত ধস্তাধস্তির একপর্যায়ে গুলি করা হয়।’তদন্তকারী কর্মকর্তা ওবায়দুল হক বলেছেন, হত্যার পর খালাফের পরনের পোশাকের পকেটগুলো ওল্টানো অবস্থায় পাওয়া যায়। সাধারণত ছিনতাইকারীর শিকার ব্যক্তির দেহ তল্লাশি করতে গেলে এ রকম পকেট উল্টিয়ে তল্লাশি চালানো হয়।গত ৫ মার্চ রাতে গুলশানে নিজের বাসার কাছেই সন্ত্রাসীদের গুলিতে খুন হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)। ময়নাতদন্তের পর তাঁর শরীরে একটি গুলি পাওয়া যায়।