সৌদি তদন্ত দল এখন ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ড তদন্ত করতে সৌদি প্রতিনিধিদের একটি দল আজ মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান এ কথা জানিয়েছেন।মাসুদুর রহমান জানান, খালাফের হত্যা তদন্ত করতে আজ সকালে সৌদি এয়ারলাইনসে সৌদি প্রতিনিধিদল ঢাকায় আসে। আট সদস্যের এই দলে সৌদি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও রয়েছেন। তদন্ত দলটি ঢাকায় তিন থেকে চার দিন থাকবে এবং খালাফ হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে। এই তদন্ত দল ডিএমপির সহযোগিতা নেবে বলেও জানান তিনি।প্রসঙ্গত, গত ৫ মার্চ রাতে ঢাকার গুলশানে নিজ বাসার কাছে সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। ঘটনা তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মারুফ হাসানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এদিকে, গত ২১ মার্চ রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বৈঠকে খালাফ হত্যার কারণ উদ্ঘাটনে বাংলাদেশের তদন্তকারীদের সহায়তার জন্য সৌদি তদন্ত দলকে ঢাকায় পাঠানোর প্রস্তাব দেন তিনি। এই প্রস্তাবকে স্বাগত জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী।