সৌদি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে সাইবার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্কে ‘স্যামুন’ নামের নতুন একটি ভাইরাস আক্রমণ করেছে। ১৫ আগস্ট সৌদি আরবের ন্যাশনাল অয়েল কোম্পানি সৌদি অ্যারামকোতে এ ভাইরাস আক্রমণ করে কম্পিউটার ব্যবস্থা অচল করে দিয়েছে। জানিয়েছে বিবিসি।কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা এ প্রসঙ্গে জানিয়েছেন, এ ভাইরাস কম্পিউটার নেটওয়ার্কে ঢুকে প্রয়োজনীয় ফাইল মুছে দেওয়াসহ পুরো কম্পিউটার সিস্টেমকে অচল করে দিতে সক্ষম।এদিকে সাইবার হামলায় স্যামুনের অস্তিত্ব নিয়ে কিছু না বললেও সৌদি অ্যারামকো তাদের কম্পিউটার নেটওয়ার্কে হঠাৎ সমস্যার কথা জানিয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি পূর্ব সতর্কতা হিসেবে কম্পিউটার নেটওয়ার্ক বন্ধ রাখার কথা জানিয়েছে। তা ছাড়া এ হামলা তেল উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলেনি বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা জানিয়েছেন, স্যামুন একটি ধ্বংসাত্মক ম্যালওয়্যার হিসেবে কাজ করে। ইন্টারনেটের মাধ্যমে প্রথমে যেকোনো একটি কম্পিউটারে ঢোকে এ ভাইরাস। এরপর একই নেটওয়ার্কের আওতায় থাকা অন্য কম্পিউটারেও ছড়িয়ে ফাইল মুছে দেওয়াসহ পুরো কম্পিউটার ব্যবস্থাকেই অকেজো করে দেয়।কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সিকিউলার্টের গবেষকেরা জানিয়েছেন, বড় মাপের অবকাঠামোভিত্তিক শিল্প কাঠামোতে সাইবার হামলা বেড়ে গেছে। বড় ধরনের স্থাপনায় স্টাক্সনেট, ডকু, ফ্লেম ও গাউসের পর এবারে স্যামুন ভাইরাস আক্রমণ করল।