সৌদি নারীদের জন্য ক্লাব চালুর অনুমোদন
সৌদি আরবের সরকার প্রথমবারের মতো নারীদের খেলাধুলার জন্য ক্লাবের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ‘আল-ওয়াতন’ পত্রিকার বরাত দিয়ে গতকাল শনিবার রয়টার্স জানিয়েছে, দেশটির রক্ষণশীল সমাজ এত দিন নারীদের শরীরচর্চাকে নিরুত্সাহিত করে এসেছে। ‘আল-ওয়াতন’ জানায়, নারীদের খেলাধুলার ওপর তৈরি একটি গবেষণাপত্রে দেশের প্রচলিত ব্যবস্থার ত্রুটি আলোচিত হয়। এ গবেষণাপত্রটি নিরীক্ষণের পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নারীদের জন্য খেলাধুলার ক্লাব খোলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।রক্ষণশীল সৌদি আরবে নারীদের জন্য ক্লাব চালু করার অনুমোদন দেওয়ার ঘটনাকে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। রয়টার্স জানায়, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর চাপে গত বছর সৌদি আরব প্রথমবারের মতো লন্ডন অলিম্পিকে দুজন নারী খেলোয়াড়ের অংশগ্রহণের সুযোগ দিয়েছিল। সৌদি আরবের মতো দেশে এটা নারী-অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হয়েছিল। দেশটিতে নারীদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের পুরুষ সদস্যদের অনুমতির প্রয়োজন হয়। এখন পর্যন্ত সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় মেয়েদের শরীরচর্চার কেন্দ্রগুলোর অনুমোদন দেয়। এগুলোকে বলা হয় ‘স্বাস্থ্যকেন্দ্র।’ ২০১২ সালের এপ্রিলে ‘আল-ওয়াতান’ জানিয়েছিল, সরকার নারীদের খেলাধুলার ক্লাবের অনুমোদন দিতে মন্ত্রী পর্যায়ের একটি কমিটি গঠন করেছিল। দেশটিতে ‘দ্য জেনারেল প্রেসিডেন্সি অব ইয়ুথ ওয়েলফেয়ার’ নামের একটি সরকারি প্রতিষ্ঠান অনেকটা ক্রীড়া মন্ত্রণালয় হিসেবে কাজ করে এবং সেটা শুধু পুরুষদের ক্লাবগুলোর তদারকি করে।রয়টার্স আরও জানায়, সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে এবং দেশের বাইরে যেতে, ব্যাংক হিসাব খুলতে, চাকরি করতে পরিবারের পুরুষ অভিভাবকদের অনুমতির প্রয়োজন হয়। গত জানুয়ারিতে বাদশা আবদুল্লাহ দেশটির শুরা পরিষদে ৩০ জন নারী সদস্য নিয়োগ দেন। পরিষদের সদস্যরা প্রস্তাবিত আইনের ওপর মতামত দিতে পারেন এবং সরকারকে পরামর্শ দিয়ে থাকেন। তবে, সরকার সেসব পরামর্শ মানতে বাধ্য নয়। বাদশা আবদুল্লাহ দেশটিতে নারীদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন।