পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় উঠে এবার ইতিহাস গড়লেন সৌদি নারী রাহা মোহাররাক (২৫)। রাহা এভারেস্টের চূড়ায় ওঠা প্রথম সৌদি নারী। নেপালের মাউন্টেইনিয়ারিং ডিপার্টমেন্ট জানায়, গতকাল শনিবার সকালে রাহা আট হাজার ৮৫০ মিটার উচ্চতায় এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন। এর আগে তিনি শুক্রবার সারা রাত আরোহণ করেছেন। তাঁর সঙ্গে ছিলেন আরও ৩৫ জন বিদেশি পর্বতারোহী এবং ২৯ জন নেপালি শেরপা গাইড। নেপালের দিক থেকে এভারেস্টে ওঠেন রাহা।রাহা এভারেস্টের চূড়ায় ওঠা প্রথম আরব নারীই নন, তিনি সবচেয়ে কম বয়সী আরব, যিনি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করলেন। সৌদি আরব একটি রক্ষণশীল মুসলিম দেশ, যেখানে বাধ্যবাধকতার জালে নারীদের অধিকার খুবই সীমিত। এমনকি নারীদের গাড়ি চালানোর কোনো অনুমতি নেই। সেই দেশ থেকে এভারেস্টের চূড়ায় ওঠার লক্ষ্য অর্জনে তাঁকে ভাঙতে হয়েছে অনেক অনুশাসন।সৌদি আরবের জেদ্দা থেকে আসা রাহা ইতিমধ্যেই আরও বেশ কয়েকটি পর্বতশৃঙ্গ ও পাহাড়ের চূড়ায় ওঠার গৌরব অর্জন করেছেন। এগুলো হলো কিলিমানজারো, মাউন্ট ভিনসন, মাউন্ট এলব্রুস, অ্যাকনকাগুয়া, কালা পাত্থর, পিকো দো অরিজাবা ও ইসতাকশিওয়াত্ল। এভারেস্ট সামিট ওয়েবসাইটে দেওয়া রাহার জীবনবৃত্তান্ত থেকে জানা যায়, দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিক ডিজাইনে স্নাতক করেছেন তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে পাহাড়ে ওঠার অনুমতি জোগাড় করা ছিল পাহাড়ে ওঠার মতোই কঠিন। তবে তাঁর দৃঢ় সংকল্পের কাছে হার মেনে পরিবার তাঁকে শেষ পর্যন্ত অনুমতি দেয়। এভারেস্ট জয়ের পর প্রথম প্রতিক্রিয়ায় রাহা বলেন, তিনি এতে মোটেই উচ্ছ্বসিত নন; বরং তিনি মনে করেন, তাঁর এ পথ অনুসরণ করে অপর কোনো আরব নারী এই পর্বতশৃঙ্গে ওঠার অনুপ্রেরণা পাবেন। উল্লেখ্য, ‘আরব উইথ অ্যাটিচিউড’ নামের তাঁদের অভিযান দলে রাহার সঙ্গে আরও চারজন আরব ছিলেন। তাঁরা হলেন কাতারের রাজপরিবারের সদস্য মোহাম্মদ আল থানি, ফিলিস্তিনের রিয়েল এস্টেট ব্যবসায়ী রায়েদ জিদান এবং ইরানের নাগরিক বর্তমানে দুবাইয়ে আইসক্রিম ব্যবসায়ী মাসুম মোহাম্মদ। তাঁদের মধ্যে আল থানি ও রায়েদ জিদান এভারেস্টের চূড়ায় ওঠা নিজের দেশের প্রথম ব্যক্তি। তাঁরা নেপালে শিক্ষা বিস্তারের লক্ষ্যে একটি প্রকল্পের জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান পেতে এই সামিট অভিযানে অংশ নেন। বিবিসি, আল-জাজিরা, এপি।