সৌদি প্রতিনিধিদলটি তদন্তকারী দল নয়
সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানতে আসা আট সদস্যের সৌদি প্রতিনিধিদলটি এ মামলার তদন্ত করতে আসেনি। তারা এ মামলার তদন্তকারী দলও নয়।আজ বুধবার মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে প্রতিনিধিদলটি বৈঠক করে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার সাংবাদিকদের এ কথা বলেন।মন্ত্রী বলেন, এই প্রতিনিধিদলের মধ্যে সৌদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছয়জন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন প্রতিনিধি রয়েছেন।স্বরাষ্ট্রসচিব বলেন, ‘ওনারা (প্রতিনিধিদল) বলেছেন, আমরা এসেছি ঘটনা জানতে, আমরা তদন্ত দল নই। তদন্ত করবেন আপনারাই। আমরা কেবল জানতে এসেছি।’ আইজিপিও এ ব্যাপারে একই ধরনের কথা বলেন।এ সময় আইজিপি আরও বলেন, এ ঘটনায় তদন্তের অগ্রগতি আক্ষরিকভাবে বলা যাবে না। তবে তদন্তের কাজ সন্তোষজনক এগিয়ে যাচ্ছে।ওই মামলার তদন্তের অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওনারা (প্রতিনিধিদল) বলেছেন, প্রথম থেকে যেভাবে তদন্তের কাজ চলছে, তাতে তাঁরা সন্তুষ্ট এবং তন্দকাজের ওপর আস্থাশীল।’সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এন এ আল বুশারির নেতৃত্বে ওই প্রতিনিধিদলটি মন্ত্রণালয়ে আসে। এ সময় পুলিশ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গত ৫ মার্চ রাতে সৌদি নাগরিক এবং ঢাকায় সে দেশের দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী (৪৫) গুলশানে গুলিবিদ্ধ হন। পরের দিন হাসপাতালে তাঁর মৃত্যু হয়।এর আগে সকালে প্রতিনিধিদলটি খালাফ আল আলী হত্যার ঘটনাস্থল ও তাঁর বাসা পরিদর্শন করেছেন।খালাফ হত্যার তদন্তের বিষয়ে আলোচনা করতে ওই প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার ঢাকায় আসে।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো অনলাইনকে জানান, বেলা ১১টার দিকে সৌদি প্রতিনিধিদল প্রথমে খালাফ হত্যার ঘটনাস্থলে যায়। সেখানে তারা স্থানীয় লোকজনের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। প্রতিনিধিদল পরে খালাফের বাসায় যায়। এ সময় থানাপুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ সৌদি প্রতিনিধিদলের সঙ্গে ছিল।