সৌদি প্রিন্সেসের আমন্ত্রণে রিয়াদে সায়মা ওয়াজেদ
অটিজম-বিষয়ক বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন ছয় দিনের সফরে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ খবর জানিয়েছে।সৌদির চ্যারিটেবল সোসাইটি অব অটিজম ফ্যামিলিজের পরিচালনা পর্ষদের প্রধান প্রিন্সেস সামিরা বিনতে আবদুল্লাহ আল-ফয়সাল আল-ফারহান আল-সৌদের আমন্ত্রণে তিনি এ সফরে যান।এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সায়মা ওয়াজেদ হোসেন ১০ মার্চ রিয়াদে পৌঁছালে বাংলাদেশ দূতাবাস ও সৌদি আরবের চ্যারিটেবল সোসাইটি অব অটিজম ফ্যামিলিজের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।ওই দিন সন্ধ্যায় প্রিন্সেস সামিরা রিয়াদ রিজ কার্লটন হোটেলে সায়মা ওয়াজেদ হোসেনের সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় তাঁরা নিজ নিজ দেশে অটিস্টিক শিশু ও তাঁদের পরিবারের সমস্যা নিরসনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন। তাঁরা এ ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতা বিনিময় এবং মানসিক প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের জন্য অধিকতর সেবা প্রদানে আগ্রহ ব্যক্ত করেন।