সৌদি রাজসিংহাসনের নতুন উত্তরাধিকারী নায়েফ
সৌদি রাজসিংহাসনের নতুন উত্তরাধিকারী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ নায়েফকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছেন বাদশাহ আবদুল্লাহ। রাজপ্রাসাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আজ শুক্রবার এ খবর জানিয়েছে।রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়, ‘রাজসিংহাসনের পরবর্তী উত্তরসূরি হিসেবে আমরা যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজকে নির্বাচন করেছি।’ রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ সংস্থা এসপিএ জানায়, রাজপরিবারের সদস্যদের নিয়ে গঠিত অ্যালিজিয়েন্স কাউন্সিল (বিশ্বস্ততা পরিষদ) ৭৮ বছর বয়সী নায়েফকে নিয়োগ দিয়েছে। ইসলামি এ রাষ্ট্রের সাফল্য প্রক্রিয়া অব্যাহত রাখার লক্ষ্যে ২০০৬ সালে এই কাউন্সিল গঠিত হয়।কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে ২২ অক্টোবর সৌদি আরবের যুবরাজ সুলতান বিন আবদুল আজিজ আল-সৌদ নিউইয়র্কে মারা যান। আবদুল আজিজ সৌদি আরবের বর্তমান বাদশাহ আবদুল্লাহর সত্ভাই। তিনি ছিলেন রাজসিংহাসনের প্রথম উত্তরাধিকারী। তেলসমৃদ্ধ দেশটির উপপ্রধানমন্ত্রীসহ প্রতিরক্ষা ও বিমানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন যুবরাজ সুলতান। পারিবারিক প্রথা অনুযায়ী সুলতানের মৃত্যুর পর এখন তাঁর আপন ভাই নায়েফ সৌদি রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হলেন। তাঁকে ২০০৯ সালে দেশটির দ্বিতীয় উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া ১৯৭৫ সাল থেকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।এদিকে বাদশাহ আবদুল্লাহর (৮৭) শারীরিক অবস্থাও ভালো নয়। রিয়াদের এক হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে তাঁকে। সেখানে তাঁর পিঠে অস্ত্রোপচার করা হয়।আল-সৌদ পরিবারের সদস্যরা ১৯৩২ সাল থেকে সৌদি আরব শাসন করে আসছেন। রয়টার্স।