সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরান!
ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র করার জন্য ইরানকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক উত্তেজনা শুরু হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।মার্কিন কর্মকর্তারা গতকাল মঙ্গলবার দাবি করেছেন, ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদেল আল জুবেইরকে হত্যার ষড়যন্ত্র তাঁরা নস্যাত্ করে দিয়েছেন। ইরানের নিরাপত্তা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি ছিলেন এই ষড়যন্ত্রের হোতা। তাঁদের একজনকে গত মাসে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজন সম্ভবত ইরানে অবস্থান করছেন।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ ষড়যন্ত্রকে মার্কিন ও আন্তর্জাতিক আইনের স্পষ্টত লঙ্ঘন বলে অভিহিত করেছেন। অন্যদিকে সৌদি আরব একে ঘৃণ্য তত্পরতা বলে নিন্দা জানিয়েছে।এ ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী তিন মাসের জন্য যুক্তরাষ্ট্র তার নাগরিকদের জন্য সে দেশসহ সারা বিশ্বে ভ্রমণ-সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের এ অভিযোগ অস্বীকার করে ক্ষোভ প্রকাশ করেছে ইরান।আঞ্চলিক পর্যায়ে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইরান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুভাবাপন্ন সম্পর্ক বিদ্যমান। এ ঘটনা সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কে নতুন করে তিক্ততা সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।