সৌদি শরিয়াহ পুলিশের ক্ষমতা কমছে
সৌদি আরবে শরিয়াহ পুলিশের ক্ষমতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আজ বুধবার শরিয়াহ পুলিশের প্রধান শেখ আবদুল লতিফ আবদেল আজিজ আল-শেখ সৌদি দৈনিক ‘আল-হায়াত’কে এ কথা জানান। আল-শেখ বলেন, শরিয়াহ পুলিশের মাঠ পর্যায়ের কাজে বেশ কিছু সংস্কার আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ইসলামি নীতিমালা ভঙ্গের অভিযোগে কোনো ব্যক্তিকে সরাসরি গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করতে পারবেন না শরিয়াহ পুলিশের সদস্যরা। ‘ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় প্রতিরোধ কমিটি’ নামে শরিয়াহ পুলিশ শাখার সদস্যরা গভর্নরের পূর্বানুমতি ছাড়া কোনো তল্লাশি চালাতে পারবেন না বলেও জানান তিনি। সৌদি দৈনিক ‘ওকাজ’ জানায়, নতুন কাঠামো অনুযায়ী শপিং মলের সামনে দাঁড়ানো কিংবা কাউকে মলে ঢুকতে বাধা দিতে পারবেন না শরিয়াহ পুলিশের সদস্যরা। এর ফলে ইসলামি পোশাক বিধি না মানা কোনো নারী কিংবা অবিবাহিতদের শপিং মলে ঢুকতে বাধা দিতে পারবেন না তাঁরা। সৌদি আরবে ইসলামি আইন সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত শরিয়াহ পুলিশ। তবে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। চলতি বছরের জুনে নেইলপলিশ পরার কারণে একজন নারীকে একটি শপিং মল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন শরিয়াহ পুলিশের কয়েকজন সদস্য। ওই নারী পুলিশের আদেশ না মেনে তর্কে জড়িয়ে যান। এমনকি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার ভিডিওটি ইউটিউবে ছেড়ে দেন। এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচিত হয় সৌদি পুলিশ। তবে শরিয়াহ পুলিশের এমন আচরণ নিয়ন্ত্রণে বাহিনীর প্রধান যথাযথ ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। গণমাধ্যম সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে যোগ দেওয়ার পর থেকেই শরিয়াহ পুলিশে সংস্কারের চেষ্টা করেছেন বাহিনীর প্রধান আল-শেখ। চাকরির দুই সপ্তাহের মাথায় তিনি শরিয়াহ পুলিশে স্বেচ্ছাসেবক রাখার বিধান বাতিল করে দেন। চলতি বছরের এপ্রিলে তিনি নির্দেশ দেন, শরিয়াহ পুলিশ লোকজনকে হয়রানি এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিতে পারবে না। এ ছাড়া জুনে নেইলপলিশ পরা নারীকে শপিং মল থেকে বের করে দেওয়ার চেষ্টাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেন তিনি।