সৌদি শূরা কাউন্সিলে প্রথম ৩০ নারী
সৌদি আরবের শূরা কাউন্সিলে প্রথমবারের মতো ৩০ জন নারী সদস্যকে নিয়োগ করে ইতিহাস গড়েছেন দেশটির বাদশাহ আব্দুল্লাহ। আজ শুক্রবার এ সংক্রান্ত দুটি ডিক্রি জারি করেন তিনি।রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, নতুন জারি করা একটি ডিক্রিতে শূরা কাউন্সিলের একটি অনুচ্ছেদ পরিবর্তন করে নারীদের প্রতিনিধিত্বের কথা বলা হয়। অপরটিতে ১৫০ জন সদস্যকে নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে ৩০ জন নারী রয়েছেন।ডিক্রিতে বলা হয়, বাদশাহ আব্দুল্লাহ দেশটির ধর্মীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে শূরা কাউন্সিলে নারী সদস্য নিয়োগ করেছেন। কাউন্সিলে নারীদের রাখা হলেও তারা পুরুষদের পাশাপাশি বসবেন না। তাই কাউন্সিল ভবনে ঢুকতে আলাদা দরজা রাখা হয়েছে তাদের জন্য।বাদশাহ আব্দুল্লাহ সম্প্রতি বেশ কিছু সংস্কার পদক্ষেপ নিয়েছেন। ২০০৫ সালে প্রথমবারের মতো নগর নির্বাচনে নারীদের ভোটাধিকারের সুযোগ দেন তিনি। ২০১১ সালের সেপ্টেম্বরে এক ঘোষণায় ২০১৫ সালে অনুষ্ঠেয় নির্বাচনে নারীদের ভোট দেওয়ার অনুমতি দেন তিনি। এসব সংস্কারের ঘোষণা দেওয়ার সময় তিনি শূরা কাউন্সিলে নারী সদস্য নিয়োগের কথাও বলেছিলেন।সৌদি আরবে রাষ্ট্রীয় নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা এবং আইনের খসড়া প্রস্তাব তৈরি করে বাদশাহকে সহায়তা করে শূরা কাউন্সিল। তবে কোনো আইন পাশ করার অধিকার নেই এ কাউন্সিলের।