সৌদি শ্রমবাজার চালু হলেই আকামা পরিবর্তনের সুযোগ
সৌদির শ্রমবাজার চালু হলেই দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকেরা আকামা (কাজের অনুমতিপত্র) পরিবর্তনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এক সপ্তাহ সৌদি আরব সফর শেষে আজ শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।কবে নাগাদ শ্রমবাজার চালু হতে পারে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘মাস দুয়েকের মধ্যে সৌদি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। আমাদের অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করবে। এর পর এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।’মন্ত্রী বলেন, ‘সৌদি আরবে অল্পসংখ্যক বাংলাদেশি অপরাধে জড়িয়ে পড়ছে। কিন্তু এর নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি সরকার এ ব্যাপারে তাদের কঠোরতার কথা জানিয়েছেন। আমরা প্রবাসী বাংলাদেশিদের কাছে অনুরোধ করছি, আপনারা তাঁদের ব্যাপারে সজাগ থাকুন। তাঁদের প্রতিরোধ করুন। গুটিকয়েক বাংলাদেশির কারণে সবাই ক্ষতিগ্রস্ত হতে পারে না। সৌদি সরকার আমাদের যদি কোনো অপরাধীর তালিকায় দেয়, তবে তাদের ফেরত নিয়ে আসব।’গত ২২ ফেব্রুয়ারি মন্ত্রী ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে সৌদি আরব যান। দুই দেশের স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।