সৌদিতে আটক বাংলাদেশিদের তথ্য চেয়েছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের দাম্মাম কারাগারসহ বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশিদের সম্পর্কে তথ্য জানিয়ে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৮ এপ্রিল পররাষ্ট্র ও স্বরাষ্ট্রসচিবকে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আগামী ৯ এপ্রিল এ বিষয়টি আদালতের কার্যতালিকায় আসবে।গত বছরের ১৩ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘সৌদি আরবের দাম্মাম জেলে পাঁচ শতাধিক বাংলাদেশি ধুঁকছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটি যুক্ত করে এ বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে আইন ও সালিশ কেন্দ্র হাইকোর্টে একটি রিট করে। প্রাথমিক শুনানির পর ওই বছরেরই ১৭ অক্টোবর আদালত রুল জারি করেন। কারাগারে থাকা ব্যক্তিদের ফিরিয়ে আনতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয় ওই রুলে। এর পর সৌদি আরবের বিভিন্ন কারাগারে থাকা বাংলাদেশিদের তথ্য জানানোর জন্য নির্দেশনা চেয়ে আইন ও সালিশ কেন্দ্র আবেদন করে। আজ শুনানির পর আদালত এ আদেশ দেন।আদালতে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী সাইফুর রশীদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার মামলা পরিচালনা করেন।আইনজীবী সাইফুর রশীদ বলেন, দাম্মাম কারাগারসহ বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশিদের সংখ্যা, অবস্থা ও তাঁদের ফিরিয়ে আনতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানিয়ে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রসচিবকে আগামী ৮ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।