সৌদিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ১৮
গুপ্তচরবৃত্তির অভিযোগে সৌদি আরবে ১৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজন ইরানি, একজন লেবাননী এবং বাকি ১৬ জন সৌদি আরবের। গতকাল মঙ্গলবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর আল তুর্কি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আটক ব্যক্তিরা একটি দেশের হয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত। তাঁরা বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকার তথ্য সংগ্রহ করছিলেন এবং ওই দেশের গোয়েন্দা সংস্থার কাছে সেসব তথ্য পাচার করছিলেন। তবে তিনি দেশটির নাম উল্লেখ করেননি। তিনি জানান, চার দিন আগে তাঁদের আটক করা হয়। বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আগে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।দেশটির রাষ্ট্রীয় এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানী রিয়াদ ও মক্কাসহ চারটি অঞ্চলে অভিযান চালিয়ে এই ১৮ জনকে আটক করা হয়েছে।সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব গত বছর বাহরাইনে শিয়াদের আন্দোলন ঠেকাতে সেনাসদস্য মোতায়েন করে।