সৌদিতে পুলিশের গুলিতে নিহত ২
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আওয়ামিয়া শহরের কাতিফ অঞ্চলে গতকাল বুধবার নিরাপত্তা বাহিনীর গুলিতে শিয়া সম্প্রদায়ের সশস্ত্র একটি দলের দুজন নিহত হয়েছেন। পুলিশের তালিকাভুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে তারা ওই দলের ওপর গুলি ছোড়ে।সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মানসুর আল তুর্কি রাষ্ট্রীয় একটি সংবাদ সংস্থাকে এ কথা জানান। আজ বৃহস্পতিবার রয়টার্স ও সিএনএন অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।মানসুর আল তুর্কি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে ওই এলাকায় যাওয়ার পর সশস্ত্র দলটি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।আওয়ামিয়ার একজন কর্মী সিএনএন অনলাইনকে জানান, পুলিশ খালেদ আল লাব্বাদ নামের এক ব্যক্তিকে খুঁজছিল। ২ জানুয়ারি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত হন।শিয়াপন্থী তাদামোন গোষ্ঠীর পক্ষ থেকে এ ঘটনার ব্যাপক নিন্দা জানানো হয়েছে। ওই গোষ্ঠীর দাবি, গত এক বছরে সৌদি নিরাপত্তা বাহিনীর হাতে শিয়া গোষ্ঠীর প্রায় ১৪ জন নিহত হয়েছে। নাইজেরীয় এক হাজার নারী হজযাত্রী আটক: সৌদি আরবে হজ করতে আসা প্রায় এক হাজার নাইজেরিয়ার নারীকে জেদ্দা ও মদিনার বিমানবন্দরে আটকে রাখা হয়েছে। এর মধ্যে অনেকে গত রোববার থেকে সেখানে অবস্থান করছেন বলে গতকাল বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে জানানো হয়। সৌদি আরবে নাইজেরিয়ার রাষ্ট্রদূত বিবিসিকে জানান, বিমানবন্দর কর্তৃপক্ষ ৩৫ বছরের কম বয়সী নারীদের আটক করে রাখছে। হজে আসা নাইজেরিয়ার নারীরা নিকটাত্মীয় কোনো পুরুষকে সঙ্গে না নিয়ে আসায় তাঁদের আটক করা হয়। কারণ, নারী হজযাত্রীদের বাধ্যতামূলকভাবে স্বামী, বাবা বা কাছের আত্মীয় সম্পর্কের কোনো পুরুষকে নিয়ে সৌদি আরবে যেতে হয়। বিমানবন্দরে নাইজেরিয়ার নারী হজযাত্রীদের আটক রাখার ঘটনায় গতকাল রাজধানী রিয়াদে অবস্থিত পররাষ্ট্র দপ্তরে একটি আনুষ্ঠানিক প্রতিবাদ জানান তিনি।নাইজেরিয়ার কূটনীতিকদের দাবি, নাইজেরিয়ার জাতীয় হজ কমিশনের সঙ্গে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চুক্তি অনুযায়ী এসব নারী হজযাত্রী তাঁদের স্থানীয় হজ কমিটির কর্মকর্তাদের সঙ্গে মক্কায় যাওয়ার ভিসা পাবেন।